২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালকের হাতে চড় খেয়েছিলেন তনুজা

“পরিচালক যতবারই ‘অ্যাকশন' বলেন, ততবারই হেসে ফেলছিলাম,” বলেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 12:52 PM

Updated : 18 Jan 2024, 12:52 PM

কড়া পরিচালক হিসেবে নাম ছিল বলিউডের কিদর শর্মার। সেই ‘সিরিয়াস' পরিচালকের সিনেমার শুটিংয়ে কাঁদার বদলে হেসে ওঠায় চড় খেয়েছিলেন একসময়ে বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় নায়িকা তনুজা।

সিনেমাটি ছিল ‘হামারি ইয়াদ আয়েগি', মুক্তি পায় ১৯৬১ সালে। ওই সিনেমায় তনুজার বিপরীতে নায়ক হয়েছিলেন ওই পরিচালকেরই ছেলে অশোক শর্মা।

ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে ষাট দশক আগের সেই ঘটনা তুলে ধরেন তনুজা। এই অভিনেত্রীর ভাষ্য, সেটে কাজের বাইরে আড্ডা বা হাসি ঠাট্টা খুব একটা পছন্দ করতেন না শর্মা। একদিন তনুজার একটি কান্নার দৃশ্যের শ্যুটিং ছিল, দৃশ্যায়ন বুঝিয়ে দেওয়ার পর অনেকবারের চেষ্টাতেও তনুজা কাঁদতে পারছিলেন না।  

“পরিচালক যতবারই ‘অ্যাকশন' বলেন, ততবারই হেসে ফেলছিলাম। এবং শর্মাজিকেও এও বলি যে আজ আমার কান্নাকাটির মুডই নেই।"

তনুজার এমন আচরণে ধৈর্য হারিয়ে শর্মা তার গালে সপাটে চড় বসিয়ে দেন।

এরপরের ঘটনা আরও ‘নিদারুণ'। তনুজা কাঁদতে কাঁদতে সেট ছেড়ে বেরিয়ে যায়। তার মা চল্লিশ দশকের অভিনেত্রী শোভনার কাছে গিয়ে যখন ঘটনাটি বলেন, তিনি (তনুজার মা) রেগে গিয়ে মেয়ের গালে আরেকটি চড় মেরে বসেন।

দুবার ‘শাসনের' পর তনুজা ফের ফিরে গিয়েছিলেন শুটিং সেটে, শোভনাই নিয়ে গিয়েছিলেন মেয়েকে। এবং তখন আর কাঁদার দৃশ্যে অভিনয় করতে কোনো অসুবিধা হয়নি এই অভিনেত্রীর।

‘হামারি ইয়াদ আয়েগি' সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে না পারলেও তনুজাকে তার অভিনয় নৈপুণ্যের জোরে নিয়ে আসেন আলোচনায়।

তনুজা বলেন, “আমাকে যদি কোনো ৪০ বারও শট দিতে হত, আমার কোন আপত্তি থাকত না। এবং যারা আমার সম্পর্কে জানতেন, তেমন পরিচালকের সঙ্গেই আমি কাজ করেছি।"

মহারাষ্ট্রের মুম্বাইয়ের এক মারাঠি পরিবারের মেয়ে তনুজা। বাবা বাবা কুমারসেন সমর্থ ছিলেন কবি ও চলচ্চিত্র পরিচালক আর মা শোভনা সমর্থ চল্লিশের দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। বাঙালি পরিবারের বিয়ের পর তিনি হন তনুজা মুখার্জি।

৫ বছর বয়সে অভিনয় শুরু করা তনুজা অভিনয়ে সক্রিয় ছিলেন ১৯৭৫ সাল পর্যন্ত। দীর্ঘ বিরতির পর ২০০২ সালে ফের তিনি সিনেমায় আসেন। কিন্তু এই ফেরাও নিয়মিত নয়।

ষাট দশকের দিকে তনুজা কলকাতার বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি মনে করেন, হিন্দি ফিল্মের চেয়ে বাংলা চলচ্চিত্রই তাকে অন্য একটা ক্যারিয়ারে মাত্রা দিয়েছেন।

বাংলা সিনেমার কিংবদন্তি মহানায়ক উত্তমকুমারের বিপরীতে তনুজা ১৯৬৩ সালে অভিনয় করেন ‘দেয়া নেয়া’। এছাড়া উত্তমের বিপরীতে ‘অ্যান্টনি-ফিরিঙ্গি’ ও ‘রাজকুমারী’ তার ক্যারিয়ারে অন্যতম।

উত্তমকুমার ছাড়াও তিনি সৌমিত্র চ্যাটার্জির বিপরীতে কয়েকটি সিনেমা করেছেন। সেগুলোর মধ্যে  ‘তিন ভুবনের পাড়ে’ ও ‘প্রথম কদম ফুল’ দারুণ জনপ্রিয় হয়। তনুজার মেয়ে কাজল ও জামাত অজয় দেবগন হিন্দি সিনেমার সাড়া তোলা এক জুটি। সংবাদ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)