২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিব্যকে চিনতে পেরে পিঠ চাপড়ে দিলেন আমির খান

আমিরের সঙ্গে দিব্যর কেবল দেখাই হয়নি, এই তরুণ অভিনেতাকে বুকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিয়েছেন, জানিয়েছেন শুভকামনাও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 06:22 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

তরুণ অভিনেতা দিব্য জ্যোতি সেদিন নিজের ভাগ্যকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না, কারণ তার হঠাৎ দেখা হয় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের সঙ্গে।

এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের কলিন্স স্ট্রিট। তবে আমিরের সঙ্গে দিব্যর কেবল দেখাই হয়নি। দিব্যকে বুকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিয়েছেন আমির, জানিয়েছেন শুভকামনাও।

ছেলের এই ঘটনাটি ফেইসবুকে জানিয়েছেন দিব্যর মা অভিনেত্রী শাহনাজ খুশি।

তিনি লিখেছেন, কলিন্স স্ট্রিট ধরে হাঁটছিলেন দিব্য। হঠাৎ তার চোখে পড়ে রাস্তার এক পাশে কয়েকটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, সঙ্গে ছয়জন দেহরক্ষী।

কৌতুহল মেটাতে এগিয়ে গিয়ে দিব্য দেখেন নিরাপত্তার ঘেরাটোপে দাঁড়িয়ে আছেন তার পছন্দের অভিনেতা আমির খান। সেখান থেকে কোনোভাবে আমির খানের চোখ পড়ে দিব্যর ওপর। তিনি ইশারায় দিব্যকে কাছে ডাকেন। 

আমির খানের কাছে যেতেই দিব্য নিজের পরিচয় দিয়ে বলেন যে তিনি বাংলাদেশ থেকে এসেছেন এবং আমিরের একজন ভক্ত। সঙ্গে নিজের অভিনেতা পেশার কথাও তুলে ধরেন দিব্য।

আরও বলেন, তিনি ভারতের কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় কাজ করেছেন।

শ্যাম বেনেগাল নামটি শোনার সঙ্গে সঙ্গেই বদলে যায় আমির খানের অভিব্যক্তি। তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, তিনি সিনেমাটি দেখেছেন। দিব্যকে চিনতে পরে আমির আরো বলেন, “তুমিই সেই তরুণ! তোমার চুল তো আরও বড় হয়েছে দেখছি।” 

আমির খান জানিয়েছেন, তিনিও শ্যাম বেনেগালের কাজের একজন ভক্ত। এরপর দিব্যর সঙ্গে আরো কয়েক মিনিট কথা বলেন আমির।

ফিরে আসার সময় দিব্য যখন আমিরের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে চান, তখন আমি দিব্যকে বুকে জড়িয়ে ধরেন তার পিঠ চাপড়ে দিয়ে শুভকামনা জানান।

শাহনাজ খুশির এই পোস্টে চঞ্চল চৌধুরী, কচি খন্দকার, তানভীন সুইটির মত তারকারা ভালোবাসা জানিয়েছেন।

আমির খান বর্তমানে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন ২০২৫’-এর অতিথি হিসেবে অস্ট্রেলিয়ায় আছেন। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার ‘সিতারে জামিন পার’ সিনেমাটি।