শুটিং থেকে ফিরেই হার্ট অ্যাটাক, আইসিউতে শ্রেয়স
শুটিং শেষে বাড়ি ফিরে শ্রেয়স তার স্ত্রীকে বলেছিলেন যে তিনি একটু অস্বস্তিবোধ করছেন, এরপর সেই অস্বস্তি বাড়লে বাড়িতেই তিনি অজ্ঞান হয়ে যান।
হার্ট অ্যাটাক হয়েছে বলিউডি অভিনেতা শ্রয়েস তলপেড়ের। হাসাপাতালে ভর্তির পর এই অভিনেতার হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি করানো হয়েছে।
হিন্দুস্তান টাইমস বলছে, বৃহস্পতিবার মুম্বাইয়ে অক্ষয় কুমারের সঙ্গে 'ওয়েলকাম টু জঙ্গল' সিনেমার শুটিং করেছেন ৪৭ বছর বয়সী শ্রেয়স। সারাদিন তাকে শারিরীকভাবে সুস্থই দেখেছেন টিমের সদস্যরা।
কাজের সময় সহশিল্পীদের সঙ্গে মজা করেছেন, সময়মত খাওয়া-দাওয়াও সেরেছিলেন। এছাড়া শুটিংয়ে কিছু অ্যাকশন দৃশ্য ছিল। সেগুলোতে কাজ করার সময়ও শ্রেয়সের মধ্যে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি।
শুটিং শেষে বাড়ি ফিরে তিনি তার স্ত্রীকে বলেছিলেন, একটু অস্বস্তিবোধ করছেন। এরপর সেই অস্বস্তি বাড়লে বাড়িতেই তিনি অজ্ঞান হয়ে যান।
তড়িঘড়ি করে তাকে দ্রুত মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রী দীপ্তি সংবাদমাধ্যমকে জানান, হাসপাতালে নেওয়ার পথে শ্রেয়সের অবস্থা আরও খারাপ হয়।
দীপ্তি বলেন, “হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা বলেন, শ্রেয়সের হার্টে এনজিওপ্লাস্টি করাতে হবে। এনজিওপ্লাস্টি করানোর পর তাকে আইসিইউতে রাখা হয়।”
বর্তমানে শ্রেয়সের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানান তার স্ত্রী দীপ্তি।
একাধিক হিট হিন্দি এবং মারাঠি সিনেমায় কাজ করে শ্রেয়স পরিচিত অভিনেতা। দুই দশকের ক্যারিয়ারে এই অভিনেতা ৪৫টিরও বেশি সিনেমায় কাজ করেছেন।
‘ইকবাল’, ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’সহ আরও হিট বলিউড সিনেমায় শ্রেয়সকে দেখা গেছে। আগামীতে তাকে কঙ্গনা রানাউতের 'ইমার্জেন্সি' সিনেমাতেও দেখা যাবে।
গত বুধবার থেকে 'ওয়েলকাম টু জঙ্গল' সিনেমার কাজ শুরু হয়েছে। ওয়েলকাম সিরিজের তৃতীয় কিস্তির এই সিনেমায় অক্ষয়, শ্রেয়স ছাড়া রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশদ ওয়ারশি, সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, পরেশ রাওয়াল, রজপাল যাদব, জনি লিভারসহ আরও অনেক অভিনয়শিল্পী আছেন।
