১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

'আমি পাঠান, চাইলে গুলি করে দাও', যেভাবে আন্ডারওয়ার্ল্ডের হুমকি সামলেছিলেন শাহরুখ

শাহরুখের দৃঢ় মনোভাবের কারণে গ্যাংস্টাররাও তাকে শ্রদ্ধা করতে ‘বাধ্য হয়েছিল’।

'আমি পাঠান, চাইলে গুলি করে দাও', যেভাবে আন্ডারওয়ার্ল্ডের হুমকি সামলেছিলেন শাহরুখ
শাহরুখ খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 05:14 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের চোখরাঙানি আর ক্রমাগত প্রাণনাশের হুমকি সত্ত্বেও নিজের অবস্থান থেকে ‘একচুলও নড়েননি’ বলিউডি বাদশাহ শাহরুখ খান।   

জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও কোনো অবৈধ চাপের কাছে তিনি মাথা নত করেননি। সম্প্রতি এক পডকাস্টে শাহরুখ খানকে নিয়ে এই তথ্য তুলে ধরেন চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্তা।   

এনডিটিভি লিখেছে, সম্প্রতি ইউটিউবের হুসেইন জাইদি ফাইলস অনুষ্ঠানে সঞ্জয় গুপ্তা নব্বইয়ের দশকের বলিউডে আন্ডারওয়ার্ল্ডের রাজত্বের প্রেক্ষাপট তুলে ধরেন।    

সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, মুম্বাই আন্ডারওয়ার্ল্ড সংশ্লিষ্ট কোনো ব্যক্তির অর্থায়নে সিনেমা বা শো করার জন্য কোনো এক সময়ে শাহরুখের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু 'কিং খান' শুরুতেই স্পষ্ট জানিয়ে দেন, হুমকির মুখে তিনি কোনো কাজের চুক্তি করবেন না। 

ঘটনার বিবরণ দিয়ে এই নির্মাতা বলেন, “পুরো বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে একমাত্র শাহরুখ খানই ছিলেন, যাকে হুমকি দেওয়া হলে, তিনি সোজা বলে দিয়েছিলেন 'আমি কখনোই তোমাদের জন্য এই সিনেমা বা শো করব না, আমি একজন পাঠান। দরকার হলে আমাকে গুলি করে দাও, তাও তোমার সঙ্গে কাজ করব না।'”                 

সঞ্জয়ের ভাষ্যমতে, শাহরুখের দৃঢ় মনোভাবের কারণে গ্যাংস্টাররাও তাকে শ্রদ্ধা করতে ‘বাধ্য হয়েছিল’। তারা বুঝতে পেরেছিল, অন্তত একজন মানুষ হলেও আছে যাকে ভয় দেখিয়ে কাবু করা সম্ভব নয়।   

নব্বইয়ের দশকে বলিউডের ওপর ‘মাফিয়াদের প্রভাব ছিল ব্যাপক’। প্রযোজক, পরিচালক ও তারকাদের নিয়মিত চাঁদা ও কাজের জন্য হুমকি দেওয়া হত। 

কৌতুকাভিনেত্রী ও উপস্থাপক রুবি ওয়াক্সকে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারেও সেই সময়ের ভয়াবহতার কথা স্বীকার করেছিলেন শাহরুখ।  

সেই সাক্ষাৎকারে উপস্থাপক শাহরুখকে প্রশ্ন করেছিলেন 'কেউ কি সত্যিই তাকে ফোন করে মাথা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল? উত্তরে শাহরুখ রসিকতা করে বলেছিলেন, “হ্যাঁ, দিয়েছিল। তবে আপনি যত মিষ্টি করে বললেন, তারা অত সুন্দর করে বলেনি।”

পরপর বেশ কয়েক বছর প্রাণনাশের চরম হুমকি থাকায় প্রায় তিন বছর ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তার মধ্যে কাটাতে হয়েছিল বলেও জানিয়েছিলেন অভিনেতা। 

শাহরুখ খানকে সামনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ চলচ্চিত্রে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় এ সিনেমাতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ অনেকে।

ওই সিনেমায় অভিনেতার মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেক হতে চলেছে। 

‘কিং’ বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ২৪ ডিসেম্বর।