২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীর ‘যাত্রাবিরতিতে’ দেখানো হবে ‘মলুয়া’

‘মলুয়া’ প্রেম, মর্যাদা, সামাজিক বৈষম্য ও নারীর অদম্য শক্তির এক কালজয়ী আখ্যান।

বনানীর ‘যাত্রাবিরতিতে’ দেখানো হবে ‘মলুয়া’
‘মলুয়া’ নাটকের দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 11:09 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

বাংলা সাহিত্যের ‘প্রথম বাঙালি নারী’ কবি চন্দ্রাবতী রচিত ময়মনসিংহ গীতিকার পালা ‘মলুয়া’ নিয়ে নাট্যদল থিয়েট্রিক্যাল কোম্পানি আসছে ‘যাত্রাবিরতি’তে। 

আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় বনানীর যাত্রাবিরতিতে পালাটির তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।   

চন্দ্রাবতী রচিত বিখ্যাত ময়মনসিংহ গীতিকার এই পালাটির ভাষ্য বয়ান ও নির্দেশনায় রয়েছেন সাইফুল জার্নাল। প্রযোজনাটির পরামর্শক হিসেবে যুক্ত আছেন নাট্যশিক্ষক সাইদুর রহমান লিপন এবং নির্দেশনা সহযোগিতায় রয়েছেন সাইদুর শাহীন।

 এর আগে গত ২৩ জুলাই সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘মলুয়ার' প্রথম প্রদর্শনী হয়। পরদিন ২৪ জুলাই একই ভেন্যুতে এর দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞপ্তিতে নাট্যদলটি জানিয়েছে, ‘মলুয়া’ প্রেম, মর্যাদা, সামাজিক বৈষম্য ও নারীর অদম্য শক্তির এক কালজয়ী আখ্যান। এতে মলুয়া কেবল প্রেমিকা বা স্ত্রী নন; বরং প্রতিকূলতা, লাঞ্ছনা ও ক্ষমতাবানদের অত্যাচারের মুখেও আত্মমর্যাদা ও সততা অটুট রাখা এক দৃঢ়চেতা নারীর প্রতীক।  

গানের দল ‘সর্বনাম’এর সদস্য, বিভিন্ন নাট্যদলের অভিনয়শিল্পী, চিত্রশিল্পী ও নাট্যপরামর্শকদের যৌথ তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই প্রযোজনাটি। এটি একটি সংগীতনির্ভর পালা, যা পরিবেশনার জন্য মূল পারফরম্যান্স ডিজাইন করা হয়েছে একটি গানের দলকে কেন্দ্র করে। 

গানের পাশাপাশি দলের সদস্যরা এতে অভিনয়ও করছেন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হাসনাত রিপন, নুসরাত ইরা, সাইদুর শাহীন, শাহরিয়ার সজীব, প্রিয়ম মজুমদার, তাহাদিল আহমেদ, হুমায়রা স্নিগ্ধা, গোপি দেবনাথ, ফরহাদ শামীম, নানজীবা শৈলী, পি.তে ফজল, মারিয়া ইয়াসমিন, ধ্রুব, সানজিদা চৌধুরী অরিন ও উম্মে প্রেমাসহ অনেকে। 

নাটকটির নির্দেশক সাইফুল জার্নাল বলেন, “এই সময়ে মিউজিকের আদি ও প্রকৃত পারফরম্যান্সটা নাই হয়ে যাচ্ছে। পালা, পুঁথি, গাজীর গীত যা ছিল বাংলার প্রাত্যহিক পালনের পরম্পরা, পরিবেশ-পরিস্থিতির কারণে এখন এর আয়োজন প্রায় শূন্য। আর যাও হয়, তা অপভ্রংশ। আমরা থিয়েট্রিক্যাল কোম্পানীর পক্ষ থেকে চেষ্টা করছি সেই আদি লোক আঙ্গিকের মূল নির্যাসটুকু নিয়ে তা আধুনিক মঞ্চে পুনরায় সৃষ্টি করতে।” 

প্রযোজনাটিতে ফোক ড্যান্স ফিউশন করেছেন ফরহাদ শামীম। লোক ও প্রচলিত ধারা বজায় রেখে মিউজিক ডিজাইন করেছেন গোপী দেবনাথ ও প্রিয়ম মজুমদার। গানের সুর করা হয়েছে প্রচলিত ও নাট্যশিক্ষক ইউসুফ হাসান অর্কের সংগৃহীত সুর থেকে। 

এছাড়া আলোক পরিকল্পনায় ওয়াসিম আহমেদ ও মুখলেসুর রহমান, সেট ও প্রপসে তাহাদিল আহমেদ এবং কস্টিউম ডিজাইনে কাজ করেছেন আজমাইন আজাদ কথা। মাস্টার পেইন্টারদের ওরিয়েন্টাল পেইন্টের অনুপ্রেরণায় পোস্টার ও পাবলিকেশন ডিজাইন করেছেন অরূপ বাউল। 

মিডিয়া অ্যাক্টিভেশনে কাজ করছে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’ এবং প্রোডাকশন ম্যানেজমেন্টে আলামিন খন্দকার ও আসিফ চৌধুরী দায়িত্ব পালন করছেন।

প্রদর্শনীটির টিকেট সরাসরি ভেন্যুতে ১৫০০ টাকায় পাওয়া যাবে। এছাড়া অনলাইনে ১৪০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৮০০ টাকা টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে।