২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসে আসছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন

প্রোমোতে দেখা গেছে চেনা অচেনা শিল্পীদের ঝলক।

ভালোবাসা দিবসে আসছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন

কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের প্রোমোতে দেখা যায় এই শিল্পীকে গাইতে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2023, 10:38 PM

Updated : 05 Feb 2023, 11:17 PM

কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন আসছে আগামী ১৪ ফেব্রুয়ারি, যেখানে দেশের ২০ শিল্পী উপহার দেবেন ১০টি গান।

শ্রোতারা এসব গান স্পটিফাই ও ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এবার সংগীতশিল্পী রুনা লায়লা, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান ও ব্যান্ড তারকা জেমসের মত শিল্পীদের দেখা যেতে পারে বলে আভাস মিলেছে।

এর আগে গ্লিটজের সঙ্গে আলাপকালে রুনা লায়লা বলেন, “কোক স্টুডিওর দ্বিতীয় সিজনে আমি গাইছি। তবে কোন গানটা গাইব- তা এখনই বলা যাচ্ছে না।”

রোববার রাতে কোক স্টুডিও বাংলার ফেইসবুক পেইজে একটি প্রোমো আপলোড করা হয়। তাতে চেনা অচেনা শিল্পীদের ঝলক দেখা যায়।  

প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও সঙ্গীত প্রযোজক হিসেবে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। তবে এবার তাকে সঙ্গ দেবেন প্রীতম হাসান, ফুয়াদ আল মুকতাদির, ইমন চৌধুরী ও শুভর মতো শিল্পী ও সংগীত প্রযোজকরা।

Image

কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের প্রোমোতে এই শিল্পীর পরিবেশনার ঝলক দেখা যায়।

অর্ণব বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনকে বৈচিত্র্যময় করে তুলতে বিভিন্ন ধারার শিল্পীরা অংশগ্রহণ করবেন। সম্পূর্ণ নতুন এবং নিজস্ব সংস্কৃতি মিশ্রিত সুরের সাথে প্রতিভাবান ও উদীয়মান শিল্পীদের অনন্য ছাপ মিলে গানগুলো হয়ে উঠবে উপভোগ্য।

“এবার প্রথম সিজনের পরিচিত কিছু মুখের পাশাপাশি বেশ কয়েকজন নতুন শিল্পীরা এ আয়োজনে অংশ নেবেন।”  

এবার প্রবাসী শিল্পীরাও যুক্ত হচ্ছেন জানিয়ে অর্ণব বলেন, “নতুন সিজনের জন্য আমরা নতুন ধরনের গান ও শিল্পীদের নিয়ে কাজ করে নতুনত্ব আনার চেষ্টা করছি। এবার আমাদের সাথে থাকছেন প্রবাসী বাংলাদেশী শিল্পীরাও।

“সারা বিশ্বের সঙ্গীত নিয়ে কাজ করছি আমরা, কিন্তু আমাদের মূল ভাবনার জায়গাটি একই থাকছে। আশা করছি, আমাদের ভক্তরা হতাশ হবেন না এবং আমরা তাদের চমৎকার সব গান উপহার দিতে পারব।”

অর্ণব জানান,  ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে দ্বিতীয় সিজনের প্রথম গান। এ উপলক্ষে সারা দেশের দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য কোক স্টুডিও বাংলা-র অফিসিয়াল ফেইসবুক পেজ পরে জানানো হবে।

কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, “কোক স্টুডিও বাংলার প্রথম সিজন দারুণ সফল ছিল। ভক্তদের তুমুল সাড়া আমাদের অভিভূত করেছে, একইসাথে দ্বিতীয় সিজনে আরও ভালো এবং বড় কিছু করার উৎসাহ যুগিয়েছে।"

কোক স্টুডিও বাংলার প্রথম সিজন শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। প্রথম সিজনে মোট ১০টি গান ছিল।

গানগুলোতে অংশ নেন শায়ান চৌধুরী অর্ণব, তাহসান রহমান খান, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ বেগম, মিজান রহমান, কণা, পান্থ কানাই, ঋতুরাজ, মাশা, নন্দিতা, রুবাইয়াত, বগা তালেব ও অনিমেষ রায়সহ দেশের খ্যাতনামা শিল্পীরা।