ক্রিস হেমসওয়ার্থের ‘ক্রাইম ১০১ দেশের প্রেক্ষাগৃহে
শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে ৭ শাখায় চলবে ‘ক্রাইম ১০১’।
হলিউডের ক্রাইম থ্রিলার সিনেমা ‘ক্রাইম ১০১’ মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। সারা বিশ্বের সঙ্গে একই দিনে দেশের দর্শকরাও দেখতে পারবে সিনেমাটি।
স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুক্রবার থেকে তাদের সাতটি শাখায় এই সিনেমাটি চলবে।
‘ক্রাইম ১০১’ সিনেমাটি পরিচালনা করেছেন বার্ট লেটন। ডন উইন্সলোর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
এতে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, ব্যারি কেওগান, মনিকা বারবারো, কোরি হকিন্স, জেনিফার জেসন লেই, নিক নল্টে ও হ্যালি বেরি।
গত ২৮ জানুয়ারি লন্ডনে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে হওয়া জুয়েলারি ডাকাতিকে ঘিরে। এসব ডাকাতিতে নেই কোনো অপ্রয়োজনীয় সহিংসতা কিংবা দৃশ্যমান ভুল, সবকিছু যেন নির্দিষ্ট নিয়ম মেনে সম্পন্ন।
এই ডাকাতির ঘটনায় তদন্তে নামের একজন অভিজ্ঞ পুলিশ, এই অপরাধকে তিনি ‘ক্রাইম ১০১’ নাম দিয়েছেন। তার বিশ্বাস ছিল, একই ব্যক্তি এই ধারাবাহিক ডাকাতিগুলোর সঙ্গে জড়িত। তবে এক পর্যায়ে একটি ডাকাতিতে ঘটে অস্বাভাবিক ঘটনা, তদন্ত নতুন মোড় নেয়। শেষ পর্যন্ত অপরাধী খুঁজে বের করার ঘটনা নিয়েই এগিয়ে যাবে সিনেমাটি।
