এখনও জানি না, বাসায় জীবিত ফিরতে পারব কিনা: প্রিয়তী
সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আখতার প্রিয়তী মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করছেন আইরিশ চলচ্চিত্রে।
আট বছর আগে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হওয়া বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মাকসুদা আখতার প্রিয়তী সেখানে যোগ দিয়েছেন রাজনীতিতে; চোখে তার শীর্ষে পৌঁছানোর স্বপ্ন।
কিন্তু নিজের মাতৃভূমিতে এলে তাকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়; কারণ ‘মি টু’ আন্দোলনের সময় এক ব্যবসায়ীর বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন, সেজন্য এখনও বাসা থেকে বের হন শঙ্কা নিয়ে।
২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে ইন্টিগ্রিটি ম্যাগাজিনের ‘টপ মডেল’ পুরস্কার জিতে নেন প্রিয়তী। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করছেন আইরিশ চলচ্চিত্রে।
‘টপ মডেল বাংলাদেশ’ প্ল্যাটফর্ম নিয়ে নিজের দেশেও কাজ করছেন এই শিল্পী। অতীত, বর্তমান, মডেলিং, চলচ্চিত্র, জীবনযাপন আর পরিকল্পনার কথা তিনি গ্লিটজকে বলেছেন এক সাক্ষাৎকারে।
গ্লিটজ: ১৯৮৯ সালে আপনার জন্ম; শৈশবের গল্পটা বলবেন পাঠককে?
প্রিয়তী: আমার জন্ম ঢাকার ফার্মগেটে। শৈশব ও বেড়ে ওঠা সেখানেই। আমাদের শৈশব খুবই মজার ছিল। সারাদিন এর বাড়ি ওর বাড়ি দৌড়ঝাঁপ করে পার করেছি। আমাদের মায়েরা টেরও পাননি ছয়-সাতজন সন্তান কীভাবে বেড়ে উঠেছে। এখনকার মত তো নয়ই। এখন একটা মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে দিন পার করে দেয়। থ্যাংকস গড, ডিভাইসের মধ্যে আমাদের জীবন কাটেনি। এখনো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের সমস্যা হয় না। এখনকার বাচ্চারা যেটার মুখোমুখি হচ্ছে। স্ক্রিন থেকে বের করার পর ওরা বুঝতে পারে না কীভাবে সামাজিক যোগাযোগগুলো মেইনটেইন করবে। আনকমফর্টেবল ফিল করে। আমি ব্লেসড, যে টেকনোলজি আসার আগেই আমার জন্ম হয়েছে।
গ্লিটজ: তার মানে তখন গ্রামীণ শৈশব আর শহুরে শৈশবের খুব বেশি পার্থক্য ছিল না?
প্রিয়তী: ডেফিনেটলি। আমরা এই ছাদ থেকে ওই ছাদে লাফালাফি করতাম। ফার্মগেট মানে রাজাবাজার, তেজতুরি বাজার, কারওয়ান বাজার... এইসব এরিয়াতে দৌড়ঝাঁপ করে বেড়িয়েছি।
গ্লিটজ: ২০১৪ সালে আপনি ‘মিস আয়ারল্যান্ড’ হয়েছিলেন। সেই জার্নিটা কেমন ছিল?
প্রিয়তী: এটা তো পুরনো গল্প। তারপরও যদি বলি, আমি এখনো বিশ্বাস করতে পারি না যে, জীবনের সবচেয়ে ভঙ্গুর ও সংগ্রামের সময়টাতে একটা সুন্দরী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছি। তখন আমি আর্থিকভাবে, মানসিকভাবে এবং সম্পর্কের দিক দিয়ে বিধ্বস্ত ছিলাম।
“তখন আমি জবলেস, হোমলেস। সে সময়টায় ইউরোপের একটা দেশে সব ব্যয় নিজে বহন করে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়াটা খুবই কঠিন ব্যাপার। তখন আমি শিখেছি, মানুষ যখন কোনো কাজ করতে চায় সেটা হয়ে যায়। আর্থিক বা অন্য কোনো বাধাই আর সামনে দাঁড়াতে পারে না। কীভাবে কীভাবে যেন সব ম্যানেজ হয়ে যায়।”
গ্লিটজ: আয়ারল্যান্ডের মিডিয়াতেও কাজ করেছেন। কী কী কাজ করা হয়েছে সেখানে?
প্রিয়তী: আমি বেশ কয়েকটা সিনেমায় কাজ করেছি। সিনেমাগুলো পোস্ট প্রেডাকশনে আছে। আয়ারল্যান্ডের সিনেমার কাজগুলো অনেক সময় নিয়ে হয়। একেকটা সিনেমা শেষ করতে পাঁচ-সাত বছর লেগে যায়। আরও কিছু কাজ করেছি। এগুলো আয়ারল্যান্ডের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এছাড়া আমরা নিজেকে সবসময় প্রস্তুত রাখি। যে কোনো কাজের প্রপোজাল এলে যেন সেটা করতে পারি এজন্য সব সময় অভিনয়, নাচ, ফিটনেস চর্চার মধ্যে থাকি। এখন সেগুলোই করছি।
গ্লিটজ: বাংলাদেশ ও আয়ারল্যান্ডে কাজের ক্ষেত্রে কী কী পার্থক্য মনে হয়েছে?
প্রিয়তী: আয়ারল্যান্ডের কাজ সব প্রি-প্ল্যান্ড। কবে কখন কী কাজ হবে, তা অনেক আগেই নির্ধারিত থাকে এবং সে অনুযায়ীই কাজ হয়। প্রতি ঘণ্টায় কখন কী হবে তা আগে থেকেই জানা থাকে। ফলে মানসিকভাবে আমরা প্রস্তুত থাকি সব সময়। বাংলাদেশে সাডেনলি কাজ হয়। আমি মনে করি, সাডেনলি কাজ করলে সেটা প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয় না। আপনি যখন মাইন্ড সেট করে পুরোপুরি প্রস্তুতি নিয়ে একটা কাজে যাবেন, তখন আপনি সেরাটা দিয়ে কাজ করতে পারবেন। হঠাৎ করে কোনো কাজ হয় না।
আয়ারল্যান্ডে সবাই খুব কঠিনভাবে কমিটমেন্ট মেনটেইন করে। প্রি-প্ল্যান্ড এবং কমিটমেন্টের জায়গায় ওরা খুব ক্লিয়ার থাকে। ফলে বাংলাদেশে এসে কাজ করতে গেলে একটু সমস্যাই ফেইস করতে হয়। এটাও ঠিক সব দেশেরই কাজের ধরন আলাদা, আমি সেটাকে অবশ্যই সম্মান জানাই। এখানকার মানুষজন এভাবে কাজ করাটাকেই স্বাভাবিকভাবে নিয়েছেন। আমি চেষ্টা করি বাংলাদেশে কাজ করলে এই ধরনটা মানিয়ে নিতে। এছাড়া আয়ারল্যান্ডে শিল্পীর কাজ শুধুই অভিনয়টা করা। প্রচার বা ডিস্ট্রিবিউশনের কোনো বিষয় সে জানে না। আমি জানি না আমার কোন সিনেমা কবে মুক্তি পাবে, কোন ওটিটিতে দেখা যাচ্ছে আর কোন দেশে মুক্তি দেওয়া হচ্ছে।
গ্লিটজ: বাংলাদেশে কী কী কাজ করছেন?
প্রিয়তী: দেশে ফিল্ম বা এ জাতীয় কোনো কাজ এখন পর্যন্ত করা হয় নাই। তবে দেশে একটা কাজ করছি, সেটা হচ্ছে ‘টপ মডেল বাংলাদেশ’ প্ল্যাটফর্মটা নিয়ে আসছি। যেহেতু আমি ‘টপ মডেল ইউকে’র উইনার। আমি চাই বাংলাদেশের মডেলরা ইউরোপে বা বিশ্বব্যাপী কাজ করার সুযোগ পাক। সেজন্যই এবার বাংলাদেশে আসা। একটা ইভেন্টের আয়োজন করতে গেলে স্থানীয়দের সঙ্গে মিলে করতে হয়। সেটার জন্যই এবার বাংলাদেশে আসা।
গ্লিটজ: জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘মাসুদ রানা’য় রুপা চরিত্রে আপনার কাজের কথা শোনা যাচ্ছিল, সেটা কতদূর এগোলো?
প্রিয়তী: (দীর্ঘশ্বাস) জাজ মাল্টিমিডিয়ার আজিজ সাহেবের সঙ্গে আমার চুক্তি হয়েছিল। কিন্তু এরপর আর কোনো আপডেট জানান নাই আমাকে। তারা কাজটা কী করছেন, কী করবেন তার কোনো ধারণাই নাই আমার কাছে।
গ্লিটজ: দুই দেশের মিডিয়ায় কী ধরনের পার্থক্য দেখছেন?
প্রিয়তী: ভৌগলিক দিক থেকে আয়ারল্যান্ড বাংলাদেশের অর্ধেক। ওদের জনসংখ্যা ৫০ লাখ। সে হিসেবে ওদের গণমাধ্যম হাতে গোনা কয়েকটা। ওখানে যে কেউ ইচ্ছে করলেই মিডিয়া খুলতে পারে না। সরকারের অনুমতি লাগে। এই অনুমতি পাওয়াও সহজ কাজ না। আমাদের দেশে অনেক গণমাধ্যম। ওদের সংখ্যা খুবই কম; তবে ওরা কোয়ালিটি মেইনটেইন করে। আমাদের দেশে হাতে গোনা দুই-চারটা বাদে বাকিরা কিন্তু আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেইন করে না। ওদের যে কয়টা আছে, সবাই এটা মেনটেইন করে।
গ্লিটজ: বাংলাদেশ ও অ্যায়ারল্যান্ডের নারীদের জীবনযাত্রায় পার্থক্য কেমন?
প্রিয়তী: হিউজ। আজকে আমার যতটুকু অর্জন তা আয়ারল্যান্ডে থাকার কারণেই সম্ভব হয়েছে বলে আমি মনে করি। এখানে পরিবার থেকে শুরু করে সামাজিকভাবেই অনেক চাপ সহ্য করতে হয় নারীদের। ওখানে স্বাধীনভাবে জীবনের সিদ্ধান্তগুলো নেওয়া যায়। উঠতে বসতে কেউ জাজ করে না। আমি কী করছি, কোথায় যাচ্ছি, কেমন জীবন যাপন করছি এসব নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। আমার উপরে কোনো চাপ নেই। পেছন থেকে ধরে রাখার চেষ্টা করে না কেউ।
গ্লিটজ: বাংলায় ‘প্রিয়তীর আয়না’, ‘ছোবল’ ও ‘কণ্টকশয্যা’ নামে আপনার বই রয়েছে। কেন লেখেন?
প্রিয়তী: আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা মানুষের সাথে শেয়ার করার জন্য লিখি। নিজেকে এক্সপ্রেস করার পাশাপাশি মানুষকে সচেতন করা আমার উদ্দেশ্য। আমি যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি সেগুলো যেন আর কারও সামনে না আসতে পারে, এ ধরনের সমস্যায় করণীয় কী হবে সেটা জানতে পারবে- সেই সতর্কতা ও সচেতনতা তৈরি করার জন্যই লেখা। আমার অভিজ্ঞতাগুলো জেনে যদি একজন মানুষেরও উপকার হয়, সেটাই আমার জন্য বড় পাওয়া।
গ্লিটজ: এবার বইমেলায় কোনো বই আসছে?
প্রিয়তী: ‘প্রিয়তীর মন্ত্র’ নামে একটা বই ২০২২ সালের বইমেলাতেই আসার কথা ছিল। আশা করি সেটা আগামী বইমেলায় প্রকাশিত হবে।
গ্লিটজ: ‘প্রিয়তীর মন্ত্রে’ পাঠক কী পাবে?
প্রিয়তী: গত বইগুলোতে আমি আমার সংগ্রামের কথা বলেছি। সংগ্রামে জয়ের গল্প বলেছি। একজন মানুষের সফলতার পেছনে তার কাজ করার নিজস্ব কিছু পদ্ধতি থাকে। কী সেই পদ্ধতি, কী সেই উপায়? সেটাই থাকছে প্রিয়তীর মন্ত্রে। সংগ্রামকালে শরীর, মন এবং মস্তিষ্ক নিয়ন্ত্রণের উপায়গুলো নিয়েই বইটা লেখা। আমরা অনেকেই জানি না আমাদের মন কীভাবে কাজ করে, শরীর কীভাবে কাজ করে, সেটাই খুবই সিম্পল ভাষায় লেখার চেষ্টা করেছি।
গ্লিটজ: সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে যারা দেখে, তাদের আপনি কীভাবে দেখেন?
প্রিয়তী: একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি খুবই অ্যাক্টিভ ছিলাম। এখন অনেকটাই কমিয়ে দিয়েছি। কারণ আমার মনে হয়েছে, আমাদের এনার্জিটাকে এই মাধ্যমে ব্যবহার করা উচিত না। কেননা যারা সামাজিক মাধ্যমে আসছে, কমেন্ট করছে তারা মাইন্ডটাকে প্রিসেট করে নিয়েই আসছে। তাদের নিজস্ব দর্শন আছে, নিজস্ব নীতি-নৈতিকতা আছে। তারা সেই অনুযায়ীই আচরণ করছে, কমেন্ট করছে।
গ্লিটজ: ‘মি টু’ আন্দোলন যখন জোরালো হয়েছিল, আপনি তখন বাংলাদেশের কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। এরপর কোনো চাপ এসেছিল?
প্রিয়তী: ডেফিনেটলি। সেই থেকে আমার জীবন সব সময়ই হুমকির উপরে আছে। আমি এখনো জানি না বাসা থেকে বের হলে জীবিত ফিরতে পারব কিনা।
“আমি যেহেতু মুখ খুলেছি; যেহেতু ওপেনলি বলেছি, সেটার জন্য আমার জীবন হুমকিতে থাকবে এটা আমি জানতাম। আমি এমন একজন মানুষের বিরুদ্ধে বলেছি যে মানুষটা বিত্তবান ও প্রভাবশালী। আমি বলেছি নীরবতা ভাঙার জন্য। এখন অনেকেই নীরব থাকছে না। এমন কিছু ঘটলে নিজেদের সমস্যার কথা বলছে। এটা খুবই ভালো।
“আগে যেটা হত, আমাদের সাথে অন্যায় হলে আমরা চুপ থাকতাম, অন্যায়কারীর সাহস বেড়ে যেত। সে মনে করত, ‘এই মেয়ে তো কাউকে কিছু বলবে না।’ অন্যায়টা করেই যেত। যখন আমরা বলতে শুরু করি, সে সাহসটা হারিয়ে ফেলে। কারও সাথে অন্যায় কিছু ঘটলে সেটা বলাটা জরুরি। তিন বছর আমি পেইন নিয়ে ছিলাম। ডিপ্রেশনে ছিলাম। মেডিকেল কাউন্সেলিং করতে হয়েছে। এটা বলার পর আমার পেইন রিলিজ হয়েছে। এখন মনে হয়, আমি ফ্রি। মরে গেলেও পেইন নিয়ে মরতে হচ্ছে না।”
গ্লিটজ: রাজনীতিতে যুক্ত হচ্ছেন?
প্রিয়তী: রাজনীতিতে যুক্ত হওয়া খারাপ কিছু না। এটা সমাজের একটা অংশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে নেয়। কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়ে সে অসৎ উদ্দেশ্য হাসিল করছে কি না সেটাই গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, আমি রাজনীতিতে অলরেডি যুক্ত হয়ে গেছি। তবে সেটা বাংলাদেশে না; আয়ারল্যান্ডে। আমি যুক্ত হয়েছি আইরিশ রাজনীতি বোঝার জন্য, পলিসি বোঝার জন্য। কীভাবে তারা দেশটা চালাচ্ছে সেটা জানার জন্য। অবশ্যই আমি নিজেকে একদিন কেবিনেটে দেখতে চাই, প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হতে চাই। কিন্তু এটার জন্য আমার ইনটেনশনটা কী সেটা মুখ্য।
