১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হারুনের অফিসে ভাত খেয়ে তাপস-অপুর ‘মিটমাট’

এই জটিলতার সূচনা গত নভেম্বরে, তাপসের স্ত্রীর ফেইসবুক পেইজের একটি পোস্ট এবং তার সঙ্গে অপু বিশ্বাসের একটি টেলিফোন আলাপ ভাইরাল হওয়ার পর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 09:01 PM

Updated : 19 Dec 2023, 09:01 PM

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদের অফিসে বসে একসঙ্গে দুপুরের খাবার খেয়ে নিজেদের মধ্যে মিটমাট করে নিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।

তাদের দুজনকে মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশেল কার্যালয়ে ডাকা হয়েছিল জানিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা- সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ- উত্তর) মো. জুনায়েদ আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘসময় কথা বলে তাদের “ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।”

কী নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল তাপস আর অপুর মধ্যে? পুলিশ কর্মকর্তা জুনায়েদ জানান, তাপস দুই দিন আগে তাদের কাছে অভিযোগ করেন, সোশাল মিডিয়ায় তিনি ‘বুলিং’এর শিকার হচ্ছেন।

“তাপসের নামে ভিডিও বার্তা এবং কল রেকর্ড ফাঁসের বিষয়টি এখানে এসেছে। তাপস বলছেন, এসব কারণে তার ব্যক্তিগত জীবন এবং সুনাম ক্ষুণ্ন হয়েছে। অপু বিশ্বাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ না করলেও তার সংশ্লিষ্টতার বিষয়ে জানার পর আমরা দুইজনকেই ডাকি।

“অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তার অবসান হলে সকলে মিলে দুপুরের খাওয়া শেষে তারা চলে যান। আশা করি সব কিছু ভুলে গিয়ে তারা এখন নিজ নিজ জায়গা থেকে তাদের নির্ধারিত কাজগুলো চালিয়ে নিয়ে যাবেন।”

এই জটিলতার সূচনা হয় গত নভেম্বরের শুরুতে, তাপসের স্ত্রী গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর ফেইসবুক পেইজের একটি পোস্ট থেকে। সেখানে বলা হয়, তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেম চলছে।

সেই ফেইসবুক পোস্টের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মুন্নী দাবি করেন, তার ফেইসবুক ‘হ্যাকড’ হয়েছে। তাপস-বুবলীর প্রেম সংক্রান্ত পোস্টটি তার দেওয়া নয়।

Image

স্ত্রী ফারজানা মুন্নীর সঙ্গে কৌশিক হোসেন তাপস। ফাইল ছবি

ভাইরাল হওয়া পোস্টে লেখা ছিল, "তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।"

ওই ঘটনায় কলকাতার পত্রিকা আনন্দবাজারকে অপু বিশ্বাস বলেন, এসব ব্যাপারে তিনি কখনও কোনো কথা বলতে চান না।

“মুন্নীর পোস্টে যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।"

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি অডিও ক্লিপ। বলা হয়, ওই কথোপকথন মুন্নী ও অপুর।

সেখানে কেবল একটি নারী কণ্ঠ শোনা যায়। তিনি বলছিলেন, পারিবারিক চাপের কারণেই তিনি ‘হ্যাকড’ হওয়ার কথা বলেছিলেন। ফেইসবুক আসলে ‘হ্যাকড’ হয়নি।

কথোপকথনের তিনি বারবার ‘অপু’ ‘অপু’ বলে সম্বোধন করছিলেন। ১৩ মিনিটের ওই অডিওতে সেই অপুর কোনো কথা শোনা যায়নি।

Image

শবনম বুবলী, অপু বিশ্বাস ও ফারজানা মুন্নী

মুন্নী সে সময় এ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেননি। অপু ওই অডিও ক্লিপের সত্যতা স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। তবে তীব্র প্রতিক্রিয়া দেখান বুবলী। যারা ‘মিথ্যা প্রপাগান্ডা’ ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব পুরনো। দুই তারকার দ্বন্দ্বের কেন্দ্রের মানুষটি হলেন নায়ক শাকিব খান। দুজনের সঙ্গেই শাকিব খানের দাম্পত্য সম্পর্ক ছিল।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ফাঁস হওয়া ওই অডিও ক্লিপ ছিল ‘এডিট করা’। মুন্নীর কথা থাকলেও সুকৌশলে ফেলে দেওয়া হয়েছিল অপুর কথা। এতে ক্ষুব্ধ ছিলেন মুন্নী।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এক সাক্ষাৎকারে মুন্নী কল রেকর্ড ফাঁসের জন্য অপুর দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেন, অন্যের কথায় তিনি বুবলীকে সন্দেহ করেছিলেন।

এর মধ্যে আবার ইউটিউবার-ভ্লগাররাও এসব নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন বলে জানান অতিরিক্ত উপ কমিশনার মো. জুনায়েদ আলম সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা ৪-৫জন ইউটিউবার- ভ্লগারকে শনাক্ত করেছি। তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।”

পুরনো খবর

পুরানো খবর:

নোংরা ষড়যন্ত্র নিয়ে আর পেরে উঠছি না: বুবলী

পুরানো খবর:

বুবলীকে জড়িয়ে অডিও ক্লিপ: যা বললেন অপু বিশ্বাস

পুরানো খবর:

‘অডিও ফাঁসের’ খবরে চটেছেন বুবলী