১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হল ‘তিতাস একটি নদীর নাম’

চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সেখানে গিয়েছিলেন সিনেমার প্রযোজক হাবিবুর রহমান খান।

কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হল ‘তিতাস একটি নদীর নাম’
কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে দেখানো হল ‘তিতাস একটি নদীর নাম’। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 07:01 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে কলকাতা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবের প্রথম সিনেমা হিসেবে প্রদর্শিত হল তারই নির্মিত বাংলাদেশি সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’। কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হয়।

‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রটি এখন বাংলাদেশে চ‍্যানেল আই আর্কাইভে সংরক্ষিত আছে। চ‍্যানেল আই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলচ্চিত্র উৎসবে অংশ নিতে কলকাতায় গিয়েছিলেন সিনেমার প্রযোজক হাবিবুর রহমান খান। 

সেসময় সিনেমার প্রযোজনার ইতিহাস বর্ণনা করে তিনি বলেন, সিনেমাটি নির্মাণের জন্য পুরো একবছর তিনি ঋত্বিক ঘটকের সঙ্গে থেকেছেন। এমনকি নিজের প্রথম সন্তান জন্মের পর তার মুখ পর্যন্ত দেখতে যাননি। 

চলচ্চিত্র উৎসবের শুরুতে হাবিবুর রহমান খান ছাড়াও বক্তব্য দেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ, বাংলাদেশের উপরাষ্ট্রদূত আশরাফুল ইসলাম। সঞ্চালনা করেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়৷ 

কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে বৃহস্পতিবার ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবে মোট ২৩টি প্রেক্ষাগৃহে ৩৯টি দেশের ২১৫টি সিনেমা দেখানো হচ্ছে। উৎসব চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। 

স্বাধীনতার পর ঋত্বিক ঘটকের পরিচালনায় অদ্বৈত মল্লবর্মণের চিরায়ত উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় তিতাস নদীর তীরবর্তী মানুষের জীবন, প্রেম, লোকজ ঐতিহ্য প্রতিফলিত হয়েছে। এ সিনেমা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। 

এ সিনেমায় অভিনয় করেছিলেন প্রবীর মিত্র, কবরী, ফখরুল হাসান বৈরাগী, গোলাম মুস্তাফা, কাদের মিয়া, রওশন জামিল, সিরাজুল ইসলাম, রোজী আফসারী, রানী সরকার, ঋত্বিক ঘটক, আবুল হায়াত, খলিলসহ অনেকে।

সিনিমার সংগীত পরিচালক ছিলেন ওস্তাদ বাহাদুর হোসেন খান। চিত্রগ্রাহক ছিলেন বেবী ইসলাম।

ঋত্বিক ঘটকের জন্ম পুরান ঢাকায় ১৯২৫ সালের ৪ নভেম্বর। মঙ্গলবার ছিল বাংলা চলচ্চিত্রের এই প্রতিভার শততম জন্মজয়ন্তী।