Published : 26 Mar 2026, 11:52 AM
ওপেন হার্ট সার্জারির পর চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাসায় বিশ্রামে আছেন নাটক-সিনেমার অভিনেতা ফজরুল রহমান বাবু। ঈদের ছুটিতে তাকে সপরিবারে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
ওই সময়কে এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত বলে বর্ণনা করেছেন চঞ্চল।
ফেইসবুকে একটি ছবি দিয়ে কিছু কথা লিখেছেন তিনি।
চঞ্চল লিখেছেন, এবারের ঈদে তার কাছে সবচেয়ে ভালো লাগার মূহুর্ত ছিল সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া।
“অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসি মুখে দেখব, এটাই ছিল সৃষ্টিকর্তার কাছে বিনীত প্রার্থনা!!!!”
ফজরুল রহমান বাবু যে সেরে উঠছেন সে খবরও মিলছে চঞ্চলের পোস্টে।
তিনি বলেন, “আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন……!!! আশা করি আমরা অনেক দ্রুতই তাকে ক্যামেরার সামনে দেখবো।
“অনেক শুভ কামনা বাবু ভাই….আপনি একজনই!!!!”
পোস্টের মন্তব্যের ঘরে কৃতজ্ঞতা জানিয়ে ফজলুর রহমান বাবু লিখেছেন, “ধন্যবাদ চঞ্চল। তোদের সকলের দোয়া আর ভালোবাসায় এ যাত্রায় টিকে গেলাম।”
চঞ্চলের এ পোস্টের মন্তব্যে অনেকেই শুভকামনা জানিয়েছেন বাবুর প্রতি।
অভিনেতা রওনক হাসান লিখেছেন, “অনেক অনেক দোয়া বাবু ভাই এর জন্য।”
কচি খন্দকার লিখেছেন, “প্রিয় বাবু ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি।”
ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারির খবর আসে চলতি মাসের শুরুর দিকে।
ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ বিবৃতিতে জানিয়েছিল, গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ফজলুর রহমান বাবু রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি হন। পরে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে মেজর ব্লক ধরা পড়ে। এরপর গত ১৯ ফেব্রুয়ারিতে সফলভাবে ওপেন হার্ট সার্জারি করা হয় তার।
১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টিভি নাটকে আসেন ফজলুর রহমান বাবু। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে তার বড়পর্দায় যাত্রা শুরু।
দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের তিনি উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’র মত বহু চলচ্চিত্র।
নাটক, সিনেমা ছাড়াও বর্তমানে ওটিটিতেও কাজ করছেন তিনি।
নাটক, সিনেমা, বিজ্ঞাপনচিত্রসহ বহু কাজে চঞ্চল ও বাবু একে অপরকে সহশিল্পী হিসেবে পেয়েছেন।