Published : 03 Mar 2026, 03:44 PM
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অভিনেতা ফজলুর রহমান বাবুর ‘ওপেন হার্ট সার্জারি’ হয়েছে।
ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন 'অভিনয় শিল্পী সংঘ' বিবৃতি দিয়ে বাবুর অসুস্থতার এ খবর জানিয়েছে।
তাতে বলা হয়, “আমাদের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এনজিওগ্রাম করে মেজর হার্ট ব্লক পাওয়া যায় এবং ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।"
বাবুর বরাত দিয়ে সংগঠনটি আরও জানিয়েছে, "তিনি (বাবু) সবার কাছে দোয়া চেয়েছেন। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।"
ডিরেক্টরস গিল্ডের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরও ফেইসবুকে এক পোস্টে বাবুর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন থাকার খবর সামনে আনেন।
তিনি লিখেছেন, গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ফজলুর রহমান বাবু রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে মেজর ব্লক ধরা পড়ে। এরপর গত ১৯ ফেব্রুয়ারিতে সফলভাবে ওপেন হার্ট সার্জারি করা হয় তার।"
অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা বর্ণনা করে এই নির্মাতা আরও লিখেছেন, "আল্লাহর রহমতে বাবু ভাই এখন আগের থেকে ভালো আছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেজন্য সবাই তার জন্য প্রাণভরে দোয়া করবেন।"
১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টিভি নাটকে আসেন ফজলুর রহমান বাবু। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে তার বড়পর্দায় যাত্রা শুরু।
দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের তিনি উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’র মত বহু চলচ্চিত্র।
নাটক, সিনেমা ছাড়াও বর্তমানে ওটিটিতেও কাজ করছেন বাবু।