২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছায়ানটের সঙ্গে ১০ বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নৃত্যকলা বিভাগের 'সম্মিলিত অভিযাত্রা'

এই সম্মিলিত অভিযাত্রায় চলতি বছরের শীতে একটি দিনব্যাপী সংগীত সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 05:16 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

সংগীতের মাধ্যমে ‘সৌহার্দ্য এবং সম্প্রীতির সমাজ’ গড়ার প্রত্যয় নিয়ে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবং দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নৃত্যকলা বিভাগের প্রতিনিধিরা আসছেন এক মঞ্চে।

তাদের সম্মিলিত অভিযাত্রায় চলতি বছরের শীতে একটি দিনব্যাপী সংগীত সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে।

সোমবার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়েছে, ‘স্বেচ্ছাসেবার মাধ্যমে’ দেশজুড়ে সুর ও সংগীত ছড়িয়ে দেবে এই প্ল্যাটফর্ম।

পাশাপাশি অবিলম্বে শিশুস্তর থেকে সকল শিক্ষালয়ে সংগীত শিক্ষা কার্যক্রম শুরু করা এবং পাঠ্যক্রমের সকল সংশ্লিষ্ট বিষয়ে ‘সংগীত’ অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে প্রাথমিক স্তরে সংগীত শিক্ষার ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় মতবিনিময় সভায়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী। পরে দুপুরে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানানো হয়।

সারওয়ার আলী বলেন, "আমরা সংগীতের মধ্য দিয়ে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই। সংগীত বিভাগের শিক্ষার্থীদের কর্মসংস্থান নিয়েও আমরা কাজ করব। সামনে বড় পরিসরে একটি সংগীত সম্মেলন করার পরিকল্পনা করছি। গানে গানে আমরা সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির কথা বলব।"

দশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের নিয়ে শিগগিরই একটি সমন্বয় কমিটি করে এই সম্মিলিত অভিযাত্রার পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ। বক্তব্য দেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা ও সহ-সভাপতি পার্থ তানভীর নভেদ।

লিখিত বক্তব্যে বলা হয়, "সভায় সংগীতের প্রতিনিধিরা নিজ নিজ অভিজ্ঞতা, সংকট, সম্ভাবনা ও ভাবনার কথা প্রকাশ করেছেন। সকলেই নির্বিঘ্ন সংগীত চর্চা অব্যাহত রাখবার বিষয়ে গুরুত্ব দিয়েছেন।  বলেছেন, ‘সম্মিলিত এই সমন্বিত দৃষ্টিভঙ্গি ও কর্মোদ্যোগের সন্ধান এককালীন নয়, হয়ে উঠুক নবোদ্যমে এক সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা'।

"সংগীত শুধু বিনোদন নয়। এই বিশ্বের সকল সমাজগঠনেরই অন্যতম অঙ্গ। সুরবাণীছন্দ নিয়ে সংগীত নানান ভাষাভাষীর মধ্যে ভালবাসাস্নাত মিলন ঘটানোর এক অনন্য আন্তর্জাতিক মাধ্যম।  মানবমনে জাগিয়ে তোলে সম্প্রীতি, সাম্য, মানবতা।  সকল সমাজে অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা, আন্দোলন ছড়িয়ে দেবার অনুপম অনুষঙ্গ সংগীত-সংস্কৃতি। যুগ যুগান্তর ধরে সকল সমাজেই সংগীত প্রতিবাদের ভাষা, সম্প্রীতির সেতু, এবং অধিকার প্রতিষ্ঠার এক শক্তিশালী মাধ্যম।"

একটি মহলের ‘সংগীতবিরোধী’ আচরণ ও মনোভাব সমাজে শঙ্কার ছায়া ফেলেছে মন্তব্য্য করে লিখিত বক্তব্যে বলা হয়, "বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট এবং বাউল সম্প্রদায়ের মত ঐতিহ্যবাহী সংগীতধারার উপর আক্রমণ তার জ্বলন্ত দৃষ্টান্ত।"

ছায়ানট আয়োজিত মতবিনিময় সভার মূল সুর- "সংগীতকে কেন্দ্র করে মানবিক, নান্দনিক ও সচেতন সমাজ নির্মাণ; সংগীতে সকলের মন ছোঁয়া, নির্বিঘ্নে গাইবার পরিবেশ সৃজন এবং সংগীতচর্চা অব্যাহত রাখায় করণীয় অনুসন্ধান। লক্ষ্য, সংগীতের মাধ্যমে সম্মিলিত শক্তিতে মানবিক আত্মোন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ।"

প্রিয়াংকা গোপ বলেন, "সভায় সকলে সংকল্পবদ্ধ হয়েছেন, মানবসমাজে সুখ-শান্তি বিস্তারে, সকলে নির্বিঘ্ন সংগীতসাধনা ও প্রসারে যুথবদ্ধ হয়ে কাজ করবেন; গড়ে তুলবেন স্বেচ্ছাসেবক নবীন শিক্ষার্থী ও শিষ্য, যারা প্রাথমিকভাবে জাতীয় সংগীতের প্রকৃত সুর, দেশের ইতিহাসের পরিচায়ক দেশাত্মবোধক গান, জাগরণী গান, সম্প্রীতির গান এবং বাংলার ঋতুভিত্তিক সংগীতের সাধনা সাধারণ্যে সুবিস্তৃত করবেন।"

অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক আজীজুর রহমান তুহিন, সহযোগী অধ্যাপক ড. সাইম রানা ও নৃত্যকলা বিভাগের প্রভাষক মাহনাজ রহমান, প্রভাষক লাবনী বন্যা; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সভাপতি, সহকারী অধ্যাপক মিশকাতুল মমতাজ মুমু এবং সহকারী অধ্যাপক এ কে এম কৌশিক আহমেদ; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোনিয়া শারমিন খান, প্রভাষক রিফাহ্ নানজিবা প্রমা; নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার, অধ্যাপক জাহিদুল কবির; রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক ঋত্বিক মাহমুদ, প্রভাষক ইন্দ্রানী মোদক; ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অসিত কুমার দে, সহযোগী অধ্যাপক ড. শেখর মন্ডল; রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক আফরোজা রূপা, প্রতিনিধি মো. আক্কাস হোসাইন; শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক সুমন মুহাম্মদ হাফিজ, প্রদর্শক, কমল কান্তি মালো; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর সংগীত বিভাগের প্রভাষক তুষার মাহমুদ, প্রভাষক সানিতা তাবাসসুম এবং ছায়ানটের দুই সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, পার্থ তানভীর নভেদ ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা সভায় উপস্থিত ছিলেন।