২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ছেলের ওয়েব সিরিজে শাহরুখ, আছেন রণবীর সিংও

চলচ্চিত্র শিল্পের পটভূমি নিয়ে নির্মিত হচ্ছে শাহরুখপুত্রের ওয়েব সিরিজ।

ছেলের ওয়েব সিরিজে শাহরুখ, আছেন রণবীর সিংও

আরিয়ান খানের ওয়েব সিরিজে দেখা যাবে শাহরুখ খান ও রণবীর সিংকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2023, 06:05 PM

Updated : 20 May 2023, 06:05 PM

ব্যবসার জগতে পা রাখা শাহরুখপুত্র আরিয়ান খান যে নির্মাণেও আছেন সে খবর পুরনো। নতুন খবর হল পুত্রের ‘অ্যাকশন’ নির্দেশনায় লাইট-ক্যামেরার সামনে দাঁড়াবেন শাহরুখ খান; সঙ্গে থাকছেন বলিউডের আরেক অভিনেতা রণবীর সিং।

ওয়েব সিরিজ ‘স্টারডম’ দিয়ে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলছেন আরিয়ান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘স্টারডম’ সাজানো হয়েছে মোট ছয় পর্বে। মূলত চলচ্চিত্র শিল্পের পটভূমিতেই নির্মিত হচ্ছে সিরিজটি, যেখানে বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল-মন্দ দিক উঠে আসবে।

চিত্রনাট্যকার বিলালের সঙ্গে যৌথভাবে সিরিজের গল্প লিখেছেন আরিয়ান।

আরিয়ান তার বাবার জন্য ‘স্টারডম’-এ ক্যামিও চরিত্র রেখেছেন। আর রণবীরকে ছোট একটি চরিত্রে পাওয়া গেলেও গল্পের আরোহনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ।

ওই সিরিজে মুখ্য ভূমিকাটি করছেন অভিনেতা রাম কাপুরের স্ত্রী গৌতমী কাপুর।

গত বছর ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান। ছবি পোস্ট করে আরিয়ান জানান, চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। এ বার শুধু ‘অ্যাকশন’ বলার অপেক্ষা।

এদিকে কিছুদিন আগে ‘ডি’য়াভল’ব্র্যান্ড নামে পোশাকের ব্যবসা শুরু করেছেন আরিয়ান। ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছেন শাহরুখ।

গত বছরের শেষ দিকে ওই ব্র্যান্ড নামে ভদকা ব্যবসাও শুরু করেন আরিয়ান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিজ্ঞাপন প্রকাশের পর তরুণ এই নির্মাতা একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা বলেছেন।

আরিয়ানের ভাষ্য, কাজের সময় পুরো টিমকে স্বস্তিতে রাখেন শাহারুখ। তাই বাবার সঙ্গে কাজ করাটা তার জন্য ‘চ্যালেঞ্জিং’ বলে মনে হয়নি।

পুরনো খবর:

শাহরুখপুত্র আরিয়ান আসছেন ক্যামেরার পেছনে
বাবার সাথে কাজ ‘চ্যালেঞ্জিং’ নয়: আরিয়ান
ভদকার পর কাপড়ের ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান