১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তবে কি পুরনো প্রেম জাগল নতুন করে!

সোশ্যাল মিডিয়ায় আসা কয়েকটি ছবি ও ভিডিওতে ফের একসঙ্গে পাওয়া গেল টাইগার-দিশাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 01:54 PM

Updated : 03 Jul 2023, 01:54 PM

বলিউড অভিনেতা টাইগার শ্রফ বা দিশা পাটানি নিজেরা কখনও স্বীকার না করলেও তাদের ‘প্রেম’ প্রকাশ পেত নানাভাবে।এরপর গত বছর শোনা যায় এ জুটির বিচ্ছেদের খবর। সম্প্রতি সোশাল মিডিয়ায় আসা কয়েকটি ছবি ও ভিডিওতে ফের একসঙ্গে পাওয়া গেছে টাইগার-দিশাকে। আর তাতেই দুজনের ‘এক’ হওয়ার গুঞ্জন ছড়িয়েছে।

এনডিটিভি বলছে, দিল্লিতে একটি মার্শাল আর্ট ইভেন্টে পাশাপাশি বসেছিলেন টাইগার ও দিশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফ ও বোন কৃষ্ণা শ্রফও। এক ভক্ত তাদের ছবি তুলে চট করে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা হয়েছে ভাইরাল।

এছাড়া এক ভক্তের পোস্ট করা আরেকটি ভিডিওতে দিশা ও টাইগারকে একটি বিমানের ভেতরে দেখা যায়।

টাইগার আর দিশার ছয় বছরের কথিত প্রেমের গল্প চাউর আছে বলিউডে। কখনো নৈশভোজে, বিমানবন্দরে, বা পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে।

মালদ্বীপে এই জুটির রঙিন নানা ছবি সোশাল মিডিয়ায় রীতিমতো উষ্ণতা ছড়িয়েছিল। এমনকি এ খবরও ছিল যে টাইগারের পরিবারের সবাই দিশাকে গ্রহণ করেছে। দিশার পোস্ট করা ছবিতে সুন্দর সুন্দর মন্তব্য করতেও দেখা গেছে টাইগারের মা আয়েশাকে।

তবে গত বছরের শুরু থেকেই তাদের মধ্যে মন কষাকষি খবর আসে সংবাদমাধ্যমে। তার আসল কারণ এখনো প্রকাশ্যে আসেনি।

নির্মাতা করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ গিয়ে নিজেকে ‘সিঙ্গল’ বলেও ঘোষণা করেন টাইগার। তার বছরখানেক পরে ফের এক ফ্রেমে বন্দি হলেন দুই অভিনেতা।

আগামীতে দিশা পাটানির ‘যোধা’ এবং ‘প্রজেক্ট কে’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় আছে। আর টাইগারকে ‘গণপথ’ ও ‘বড়ে মিয়া ছোট মিয়া’ সিনেমায় পাওয়া যাবে।