১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শিল্পকলায় ম্যাড থিয়েটারের ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

আসাদুল ইসলাম বলেন, অসুস্থতা ও অচেনা পরিবেশের মধ্যেও ওকাম্পোর সান্নিধ্যে কবিগুরু যে ‘সুখের মত অসুখে’ দিন কাটিয়েছিলেন, সেই সময়টিই নাটকের মূল উপজীব্য।

শিল্পকলায় ম্যাড থিয়েটারের ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের দৃশ্য। ছবি: নাট্যদলের সৌজন্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 10:57 PM

Updated : 11 Oct 2026, 10:57 PM

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আর্জেন্টিনায় কাটানো দিনগুলো আর ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে তার বন্ধুত্বের প্রেক্ষাপট নিয়ে মঞ্চে আসছে ম্যাড থিয়েটারের নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় নাটকটির ১৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটির চিত্রনাট্যে দেখানো হচ্ছে, ১৯২৪ সালে পেরুর স্বাধীনতা দিবসের উৎসবে যোগ দিতে গিয়ে অসুস্থতার কারণে আর্জেন্টিনায় যাত্রা বিরতি নিতে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। বুয়েনস আইরেসের সান ইসিদ্রোর ‘মিরালরিও ভিলা’য় কাটানো দিনগুলোতে কবিগুরুর সঙ্গে আর্জেন্টিনার বিদুষী নারী ভিক্টোরিয়া ওকাম্পোর গড়ে ওঠে এক গভীর আত্মিক ও কাব্যিক সখ্য।

ভাষার বাধা পেরিয়ে সৃষ্টি হওয়া সেই অনুভূতির স্মৃতি এবং তৎকালীন নানা অজানা ঘটনা নিয়ে গবেষণাধর্মী এই প্রযোজনাটি সাজানো হয়েছে।

নাটকটির রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থিয়েটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। দ্বি-চরিত্রের এই নাটকে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করছেন আসাদুল ইসলাম নিজে এবং ভিক্টোরিয়া ওকাম্পোর চরিত্রে অভিনয় করছেন সোনিয়া হাসান।

প্রযোজনাটি নিয়ে নির্দেশক আসাদুল ইসলাম বলেন, অসুস্থতা ও এক অচেনা পরিবেশের মধ্যেও ওকাম্পোর সান্নিধ্যে কবিগুরু যে ‘সুখের মত অসুখে’ দিন কাটিয়েছিলেন, সেই সময়টিই নাটকের মূল উপজীব্য।

বুয়েনস আইরেসের রিও ডেলা প্লাটা নদীর তীরে বসে রচিত রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘পূরবী’ এবং ওকাম্পোর উপহার দেওয়া সেই ঐতিহাসিক চেয়ারটির স্মৃতিকথা এই নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।