ষাট দশকের ‘দ্য লাইটনিংস’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা নোয়েল মেন্ডেজ আর নেই
১৯৬৫ সালে চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিডস স্কুলের কয়েকজন শিক্ষার্থী মিলে গড়ে তোলেন ব্যান্ড দল ‘দ্য লাইটনিংস’।
চট্টগ্রামে ষাটের দশকের ব্যান্ড দল ‘দ্য লাইটনিংস’ এর প্রতিষ্ঠাতা গিটারিস্ট নোয়েল গ্রেগরি মেন্ডেজ প্রয়াত হয়েছেন।
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে সোমবার তিনি তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নোয়েল গ্রেগরি মেন্ডেজের সহপাঠী ও স্পাইডার ব্যান্ডের দলনেতা জ্যাকব ডায়েস জানিয়েছেন।
তার বয়স হয়েছিল ৭৯ বছর।
জ্যাকব ডায়েস বলেন, “বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি চারদিন হাসপাতালে ছিলেন। আমরা স্কুলে সহপাঠী ছিলাম।”
সোমবার বিকেলে পাথরঘাটার ক্যাথেড্রাল গীর্জায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে সমাহিত করা হয়।
১৯৬৫ সালে চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিডস স্কুলের কয়েকজন শিক্ষার্থী মিলে গড়ে তোলেন ব্যান্ড দল ‘দ্য লাইটনিংস’। দলে ছিলেন নোয়েল মেন্ডেজ, তার ছোট ভাই নিউ মেন্ডেজ, সহপাঠী ফরিদ রশিদ ও শাকিল।
সে সময় দলে হাওয়াইয়ান গিটার ও অ্যাকর্ডিয়ন বাজাতেন নোয়েল মেন্ডেজ। তিনি দলের ভোকালও ছিলেন।
পরে ওই দলে যোগ দেন জামিল হাসমত খান বুচি ও ফ্রান্সিস হালদার নামের আরো দুজন। বুচি ড্রামস বাজাতেন। মারাকা বাজাতেন ফ্রান্সিস হালদার, বেস গিটারিস্ট ছিলেন ফরিদ রশিদ। লিড গিটার এবং ভোকাল হিসেবে ছিলেন শাকিল।
১৯৬৯ সালের মাঝামাঝিতে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের প্রথম পপ সঙ্গীত প্রতিযোগিতায় ব্যান্ড আইওলাইটসের সঙ্গে অংশ নেয় লাইটনিংস, উইন্ডিসাইট অব কেয়ার, র্যাম্বলিং স্টোনস।
প্রয়াত ব্যান্ড তারকাশিল্পী আইয়ুব বাচ্চুর সঙ্গীত গুরু এবং একাধিক ব্যান্ডের প্রতিষ্ঠাতা জ্যাকব ডায়েস বলেন, “আমরা সেন্ট প্লাসিডস স্কুলে একই ক্লাসে পড়তাম। পরবর্তীতে নোয়েল পারিবারিক ব্যবসায়ী মনযোগী হন।”
লাইটনিংসের পর নোয়েল গ্রেগরি মেন্ডেজ আর কোন ব্যান্ডের সাথে সম্পৃক্ত হননি বলে জানিয়েছেন জ্যাকব।
