নতুনদের মৌলিক গান গাওয়ার পরামর্শ আরতির
‘স্বকীয়তা ছাড়া শিল্পী হয়ে ওঠা যায় না।“
সংগীতের ভাণ্ডার সমৃদ্ধ করতে এই প্রজন্মের শিল্পীদের মৌলিক গান তৈরি ও পরিবেশনের পরামর্শ দিয়েছেন ভারতের গায়িকা আরতি মুখোপাধ্যায়।
কয়েক দশকের দীর্ঘ সংগীতযাত্রার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, স্বকীয়তা ছাড়া শিল্পী হয়ে ওঠা যায় না। তাই তরুণ শিল্পীদের উদ্দেশে তার স্পষ্ট বার্তা 'পুরনো শিল্পীদের গান নয়, নিজেদের গান গাও'।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘এই সময়’ অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরতি জানিয়েছেন, নানা শারীরিক জটিলতা কাটিয়ে এক বছর পর কলকাতায় একটি গানের অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন
নতুনদের উদ্দেশে এই গায়িকা বলেন, "নতুনদের বলব, নিজেদের গান গাইতে।”
এক্ষেত্রে নতুন শিল্পীদের ওপরে অনেক সময় পুরনো গান গাওয়ার অনুরোধ চাপিয়ে ‘দেওয়া হয়’ বলেও মন্তব্য করেছেন এই গায়িকা।
“তারা হয়ত নতুন গানই গাইতে চান। কিন্তু তাদের দিয়ে আগের প্রজন্মের শিল্পীদের গান গাওয়ানো হয়। অনেক রিয়েলিটি শোতে শুনি, ‘অমুক শিল্পীর একটা গান করো, তমুক শিল্পীর একটা গান গাও।
"সেই গানগুলো তো আমরা গেয়ে ফেলেছি। এক্সপ্রেশনগুলো জানা। নতুন গান তাদের গাইতে না দিলে মূল্যায়ন হবে কী করে? নতুন শিল্পীরা অনেক অধ্যাবসায় নিয়ে সেই গানটা তৈরি করেন। তারা শিল্পী হিসেবেও ভালো। না হলে প্রথম, দ্বিতীয় হচ্ছেন কী করে? তাই বলব এই পরিশ্রমটাই তারা নিজেদের স্বকীয় গানের জন্য করুন। গানের মধ্যে তাদের সুর, চিন্তা প্রকাশ পাবে।"
গানের প্রতি নিষ্ঠা থেকে এখনো সকাল বিকাল রেওয়াজ করেন আরতি। মিউজিশিয়ানদের সঙ্গে টানা গান গাইতে পছন্দ করেন তিনি।
আরতি বলেন, "গান গাওয়ার জন্য রেওয়াজের সময়টা কখনও হিসাব করিনি। মিউজিশিয়ানরা আসেন। তারা হয়ত বললেন, ‘দিদি ওই গানটা করুন।’ তার পর নিজের মনে হল অন্য একটা গান গাই। এই করে সময় যে কোথা থেকে চলে যায়, বুঝতে পারি না। মিউজিশিয়ানরাও বাজাচ্ছেন। আমিও গাইছি তো গাইছি।"
রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার প্রেম আজও ‘অটুট’ বলে জানিয়েছেন আরতি। দেবব্রত বিশ্বাসের কাছে গান শেখার দিনগুলোর স্মৃতি তুলে ধরেন বলেন, রবীন্দ্রসঙ্গীত গাইলে আধুনিক গান গাওয়ার ক্ষেত্রেও উপকার হয়।
তিনি বলেন, “রবি ঠাকুরের শব্দচয়ন শিখতেই হবে।"
পাশাপাশি আধুনিক, ঠুমরি, টপ্পা, ছোট খেয়াল ও ফোক সব ধারার গানই গাইতে পছন্দ করেন বলে জানিয়েছেন আরতি।।
নতুন প্রজন্মের শিল্পীদের গানও শোনা হয় তার। রূপঙ্কর বাগচী ও ইমন চক্রবর্তীর গান রয়েছে আরতির পছন্দের তালিকায়।
