২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক বিজ্ঞাপনচিত্র নিয়ে নিন্দা-প্রশংসায় আমির খান

হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে আমির খানের বিরুদ্ধে; আবার একই বিজ্ঞাপন প্রশংসাও কুড়াচ্ছে।

এক বিজ্ঞাপনচিত্র নিয়ে নিন্দা-প্রশংসায় আমির খান

আমির খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 06:56 PM

Updated : 15 Oct 2022, 06:56 PM

ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো বিজ্ঞাপনে কাজ না করতে বলিউড তারকা অভিনেতা আমির খানকে অনুরোধ পেয়েছিলেন এক রাজ্যের মন্ত্রীর কাছ থেকে। 

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র তাকে এমন অনুরোধ করেন বলে জানিয়েছে বিবিসি।

যে বিজ্ঞাপনের জন্য এই বলিউড তারকা এমন অনুরোধ পেয়েছিলেন, তা একটি ব্যাংকের। এই বিজ্ঞাপনে তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী কিয়ারা আদবানি।

ওই বিজ্ঞাপনে তাদের নবদম্পতির চরিত্রে দেখা গেছে, সেখানে তারা হিন্দু আচার ও রীতি মেনে বিয়ে করছেন। কিন্তু সমালোচকদের দাবি, হিন্দু ঐতিহ্য ও সংস্কৃতি ক্ষুণ্ন হয়েছে ওই বিজ্ঞপনে।

বিজ্ঞাপনে দেখা যায়, বিয়ের পর আমির তার স্ত্রীর বাড়িতে প্রথমবারের মতো এসেছেন। সেখানে সেসব রীতি তারা পালন করছেন, যা সাধারণত হিন্দু মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়ির চৌকাঠ পেরুতে করতে হয়।

সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ কেউ এটিকে ‘দারুণ’ কাজ বলেছেন।

টুইটারের পোস্টে একজন লিখেছেন, “মেয়েদের প্রতি ভালোবাসা ও সম্মান দেখানোর বার্তা দেওয়া হয়েছে বিজ্ঞাপনে। বোঝানো হয়েছে, সামাজিক জীবনে ছেলে-মেয়েতে ভেদ নেই।”

তবে ক্ষোভে ফেটে পড়েছেন কেউ কেউ। তাদের ভাষ্য, আমির হিন্দু ধর্ম নিয়ে ‘উপহাসে’ মেতেছেন। হিন্দু রীতিনীতি আর প্রথাকে অপমান ও বিদ্রুপ করা হয়েছে বিজ্ঞাপনটিতে।

মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র জানান অভিযোগটি পেয়ে তিনি বিজ্ঞাপনটি দেখেছেন। তিনি

সাংবাদিকদের বলেন, “আমি আমির খানের সঙ্গে নিজে কথা বলেছি। তাকে ভারতীয় ঐতিহ্য ও রীতিনীতির বিষয়টি মাথায় রেখে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অনুরোধ জানিয়েছি।”

মধ্যপ্রদেশের এই মন্ত্রী আগে একাধিকবার নানা প্রসঙ্গে বলিউডকে সতর্ক করেন। যেমন চলতি মাসের শুরুতে তার ক্ষোভ উদগীরণ হয় ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে। রামায়ণ মহাকাব্যের ছায়ায় নির্মিত এই সিনেমায় হনুমানের চামড়ার পোশাক পরা দৃশ্য কাঁটছাট করা না হলে তিনি আইনি ব্যব্স্থা নেবেন।

হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আমির খানের প্রতি এবারই প্রথম নয়।

মাস কয়েক আগে মুক্তির পরই ভারতের কয়েকটি শহরে বিক্ষোভের মুখে পড়ে তার সিনেমা ‘লাল সিং চাড্ডা’।

সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার প্রচার চালানোর সময় ‘পারফেকশনিস্ট’ আমিরের বিরুদ্ধে ‘দেশবিরোধী’ বক্তব্য দেওয়ার অভিযোগ এনেছিল কট্টর হিন্দু দলগুলো।

এর কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, ২০১৫ সালে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমির খান উদ্বেগ প্রকাশ করেছিলেন। তখন তিনি বলেছিলেন. “দেশটা ক্রমশ ধর্মীয় কারণে অসহিষ্ণু হয়ে উঠছে।”

পরে অবশ্য আমির তার সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাকে তার মন্তব্যের ব্যাখ্যা দিতে হয় এবং দেশের প্রতি ভালোবাসাও জানান লিখিতভাবে।

এখানেই শেষ নয়। ২০২১ সালে হিন্দুদের দিওয়ালি উৎসব উদযাপনে আমির সাধারণ মানুষকে রাস্তায় বাজি না পোড়াতে আহ্বান জানিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।