অতিপ্রাকৃত গল্পের নাটক ‘বশীকরণ’, বুধবার আসছে দ্বিতীয় পর্ব
সপ্তাহের বুধবার বিকেল ৫টায় ‘বশীকরণ’ প্রচারের পরিকল্পনা রেখেছেন নির্মাতা।
নির্মাতা সুমন মেহেদী দর্শকদের জন্য বানিয়েছেন অতিপ্রাকৃত গল্পের নাটক ‘বশীকরণ’। যা চারপর্বে আসছে ইউটিউবে।
বুধবার ‘বিন্দু ভিশন ড্রামা’ নামের ইউটিউব চ্যানেলে এই মিনি সিরিজের দ্বিতীয় পর্ব প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক সুমন মেহেদী।
নাটকের প্রথম পর্ব প্রচারে আসে গেল ২১ জানুয়ারি। আগামী তিন সপ্তাহের বুধবার বিকেল ৫টায় ‘বশীকরণ’ প্রচারের পরিকল্পনা রেখেছেন নির্মাতা।
নাটকটি নিয়ে সুমন গ্লিটজকে বলেন, হরর বা অতিপ্রাকৃত কনটেন্ট নির্মাণের জন্য প্রয়োজন ভালো গল্প, পর্যাপ্ত বাজেট ও কারিগরি সুবিধা।
‘বশীকরণ’ ভিন্ন ধরনের গল্পের নাটক মন্তব্য করে মেহেদী বলেন, এটি ছিল মূলত একটি পরীক্ষামূলক কাজ।
তার সহকর্মীদের প্রংশসা করে মেহেদী বলেন, “তুরুপের তাস ছিল নিখুঁত টিম ওয়ার্ক। টিমের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় অসম্ভবকে সম্ভব করার গল্পই ফুটে উঠেছে পর্দার আড়ালে।
"গল্প বলাই আমাদের মূল লক্ষ্য ছিল। আমরা মানের সাথে আপস করতে চাইনি।”
গল্পটি কেমন জানতে চাইলে মেহেদী বলেছেন, শুরুটা এক নবদম্পতির বাসর রাত দিয়ে। স্বামী রুহুল (অভিনেতা নিপুণ আহমেদ) দীর্ঘ প্রতীক্ষার পর বিয়ে করে বেশ উচ্ছ্বসিত, কিন্তু বাসর ঘরে ঢোকার পর তাকে অদ্ভুত কিছু ঘটনার মুখোমুখি হতে থাকে, যার জন্য তিনি প্রস্তুত ছিলেন না।
ওই রাতে স্ত্রী মায়া (অভিনেত্রী ডিমপল আহমেদ) হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ শুরু করে। সে নিজেকে চিনতে পারে না এবং স্বামীর ওপর চড়াও হন। পরদিন সকালে মায়াকে আবার স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। মায়া দাবি করেন যে তার ঘুমের মধ্যে হাঁটার অভ্যার রয়েছে এবং রাতের কথা তার মনেও নেই। তবে বাড়ির অন্যরা লক্ষ্য করেন যে মায়া কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছেন এবং তার মধ্যে অতিপ্রাকৃত শক্তি ভর করছে।
এছাড়া পুকুর ঘাটে ননদকে ডুবিয়ে মারার চেষ্টা এবং শাশুড়িকে ভয় দেখানোর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে যে, মায়া কোনো সাধারণ মানুষ বা সাধারণ রোগী নন, বরং কোনো অশুভ শক্তির ‘বশীকরণ’ চলছে তার উপরে।
এবারের পর্বের শেষে দেখা যায়, মায়া রাতের অন্ধকারে একা একা কারো সঙ্গে কথা বলছেন এবং এক রহস্যময় সত্তা তাকে নিয়ন্ত্রণ করছে।
মেহেদীর কথায়, “গল্পটি দর্শকদের মনে প্রশ্ন জাগিয়ে রাখে—মায়া কি আসলেই মানসিক রোগী, নাকি ছোটবেলার কোনো অভিশাপ বা কারো তান্ত্রিক বশীকরণের শিকার? এই রহস্যই দর্শকদের পরবর্তী পর্বের জন্য ধরে রাখবে।”
সিনেমার মূল দুই অভিনয়শিল্পী নিপুণ আহমেদ ও ডিমপল আহমেদকে নিয়ে পরিচালকের ভাষ্য, “এই দুই শিল্পী যেভাবে চরিত্রের গভীরে প্রবেশ করেছেন, তা অভাবনীয়। তাদের ডেডিকেশন ও কমিটমেন্ট সিরিজটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন।”
প্রথম পর্ব প্রচারের পর ইউটিউবের মন্তব্যের ঘর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া ‘ইতিবাচক’ বলে জানিয়েছেন মেহেদী।
বেশিরভাগ দর্শক বলেছেন, অনেকদিন পর বাংলা নাটকে এমন গা ছমছমে পরিবেশ দেখা গেছে যা আসলেই ‘ভয় তৈরি করে’। পর্দায় নিপুণ ও ডিমপলের রসায়নও দর্শক পছন্দ করছে বলে জানিয়েছেন মেহেদী।
নিপুণ গ্লিটজকে বলেন, তিনি অভিনেতা হিসেবে বরাবরই গতানুগতিক ধারার বাইরের গল্পে কাজ করতে আগ্রহী।
“তাই পরিচালক যখন নাটকের গল্প শেয়ার করলেন, এক চান্সে লুফে নিলাম। গল্পে আমার চরিত্রের নাম রুহুল। রহুল তার বউকে কখনো মনে করেন মানসিক রোগী, কখনো তার বিবেচনায় স্বাভাবিক মানুষ। কিন্তু যেহেতু রুহুল শিক্ষিত ছেলে তাই সে অদ্ভুত কিছু বিশ্বাস করতে চায় না। পরিবেশে পরিস্থিতি তাকে বিশ্বাস করাতে বাধ্য করে। রুহুল দুদল্যমান মানসিক পরিস্থিতি মধ্যে দিয়ে এগিয়ে যায়।
“নাটকের গল্প নিয়ে বেশি কিছু বলতে চাই না। নাটকে রুহুল মায়ার কি হয় তা জানতে হলে পুরো সিরিজটি দেখতে হবে। শুধু বলতে চাই আমরা সবাই মিলে চেষ্টা করেছি ভাালো কিছু করার। তবে বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার পরিচালক সুমন মেহেদী ভাইয়াকে। প্রথম পর্ব দেখে মানুষ ভালোবাসা জানিয়েছেন।”
নিপুণের প্রত্যাশা দর্শকের কাছে কাজটি গ্রহণযোগ্যতা পাবে।
এ ধরণের গল্পে কাজ করার অভিজ্ঞতা প্রথম বলে জানিয়েছেন অভিনেত্রী ডিমপল আহমেদের।
তিনি বলেন, কাজটা চ্যালেঞ্জিং হলেও সবার অনুপ্রেরণায় ‘সফলভাবে করা সম্ভব হয়েছে’।
“সবাই খুব পরিশ্রম এবং চেষ্টা করেছেন যার যার জায়গায় থেকে বেস্ট আউটপুট দেবার। গল্পটা আমার খুবই পছন্দ হয়েছিল শোনার পর। আমি বুঝতে পারছিলাম দারুণ কিছু একটা হবে।”
এই কাজের মাধ্যমে দর্শকমনে তিনি কতটুকু জায়গা করে নিতে পারবেন তা অজানা হলেও অভিনেত্রী প্রত্যাশা রাখছে অনেকটা।
