১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি: রাণবীর

রাণবীর বলেন,  ‘‘ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা?”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2024, 04:09 PM

Updated : 17 Apr 2024, 04:11 PM

সন্তানের মুখ দেখতে আর মাস পাঁচেক অপেক্ষা করতে হবে বলিউড দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রাণবীর সিংকে। এর মধ্যে ছেলে না মেয়ে সন্তান চাইছেন তা জানিয়ে দিলেন রাণবীর।

আনন্দবাজার লিখেছে, অভিনেতার কাছে সংবাদমাধ্যম পিংকভিলার সন্তান নিয়ে করা প্রশ্নে রাণবীর বলেন,  “ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি।”

চলতি বছরের শুরুতে খবর আসে মা-বাবা হচ্ছেন দীপিকা ও রাণবীর। সেপ্টেম্বরে তাদের সন্তান আসছে পৃথিবীতে।

কিছুদিন আগে নায়িকা নিজেই জানিয়েছিলেন তিনি মা হতে চান, এই পরিকল্পনা তাদের শুরু থেকেই আছে।

দীপিকা বলেছিলেন, “কেন নয়! অবশ্যই এ পরিকল্পনা রয়েছে। রাণবীর ও আমি দুজনেই বাচ্চা খুব ভালোবাসি। যখন থেকে আমরা একসঙ্গে পথচলা শুরু করেছিলাম, তখন থেকে আমরা সেই দিনের অপেক্ষায় আছি।”

সন্তান নেওয়ার প্রসঙ্গে এর আগেও দীপিকাকে বলতে শোনা গিয়েছিল, “যখন সময় হবে তখন নিশ্চয়ই জানাব। এই খবর লুকিয়ে রাখা যায় না।”

আর রাণবীর একবার বলেছিলেন, বিষয়টি তিনি পুরোপুরি দীপিকার সিদ্ধান্তের ওপরে ছেড়ে দিয়েছেন।

নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমা সেটে একে অপরের প্রেমে পড়েন রাণবীর ও দীপিকা। তারপরে প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালে সাত পাক ঘোরেন এই যুগল।

দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ দেখা গেছে সিদ্ধার্থ আনন্দের ফাইটার সিনেমায়। সিনেমাটি মুক্তি পেয়েছে জানুয়ারিতে। তার আগামী সিনেমা 'সিংহাম অ্যাগেইন, ও 'কল্কি ২৮৯৮ এডি'। আর ‘ডন ৩’ সিনেমায় পাওয়া যাবে রাণবীর সিংকে।