১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'সোনার কলস’ পেয়ে বাকরুদ্ধ অপু বিশ্বাস

“আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।"

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 12:55 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

অভিনয়জীবনে অনেক পুরস্কার, সম্মাননা পেলেও একটি বিশেষ সম্মানে বিস্মিত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, হয়েছেন বাকরুদ্ধও। 

তা হল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ‘সোনার কলস’ উপহার দিয়েছে বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল আই।

তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে গেল মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তার হাতে ‘সোনার কলস’ তুলে দেন।

চ্যানেল আই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৬ এপ্রিল বগুড়ার মমইনে আয়োজিত দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মহড়ার সময় অপু বিশ্বাস ফরিদুর রেজা সাগরের কাছে একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই ইচ্ছা পূরণের অংশ হিসেবে গেল ২ জুন বিশেষ অনুষ্ঠানে তাকে ‘সোনার কলস’ উপহার দেওয়া হয়।

ওই অনুষ্ঠানে অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন অভিনেত্রী কুসুম সিকদার ও উপস্থাপক সামান্তা ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইফতেখার মুনিম। শুকবার দুপুর আড়াইটায় চ্যানেল আইয়ে প্রচার হবে অনুষ্ঠানটি।।

পরে ফেইসবুকে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি তুলে ধরেন অপু বিশ্বাস।

তিনি লিখেছেন, শিল্পীজীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পেলেও ‘সোনার কলস’ পাওয়ার অভিজ্ঞতা তার কাছে ব্যতিক্রমী।

অপু বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার বিকালে সাংবাদিক আবদুর রহমানের ফোন পেয়ে তিনি চ্যানেল আই কার্যালয়ে যান। সেখানে পৌঁছে বিশেষ আয়োজন দেখে বিস্মিত হন। পরে ফরিদুর রেজা সাগরের হাত থেকে ‘সোনার কলস’ গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।

“সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে?” 

অপু বিশ্বাস চ্যানেল আইকে তিনি শুধু একটি টেলিভিশন চ্যানেল হিসেবে দেখেন না।

তার কথায়, “শিল্পীদের জন্য এটি একটি আপন জায়গা। আর সাগর ভাই আমাদের কাছেই অভিভাবকের মতো। জীবনের নানা সংকট, দুঃসময় কিংবা পেশাগত কাজেও তাঁকে সবসময় পাশে পেয়েছি।“

অভিনেত্রীর ভাষ্য, এই ‘সোনার কলস’ এর মূল্য তার কাছে সোনার দামে মাপার নয়। এর মধ্যে তিনি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি খুঁজে পাচ্ছেন।

অপু বিশ্বাস লিখেছেন, “আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।"