রবীন্দ্র প্রয়াণ দিবসে টেলিভিশনে যত আয়োজন
প্রতি বছরের মতো এবারও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান।
রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস রোববার (২২ শ্রাবণ)। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান।
বিটিভি
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নিরবে হৃদয়ে মম’। সংগীত, আবৃত্তি ও আলোচনার সমন্বয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
শাহজামান মিয়ার প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন হাসান মাহমুদ। আলোচনায় অংশ নিয়েছেন সৌমিত্র শেখর, ঝর্ণা রহমান ও খায়রুল আলম সবুজ। সংগীত পরিবেশন করেছেন অনিমা রায় ও ছায়া কর্মকার। আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টপাধ্যায় ও লীলা হাসান। প্রচারিত হবে ৬ রোববার দুপুর ১টা ০৫ মিনিটে।
এছাড়াও সকাল ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’, ১০টা ৩৫ মিনিট ও দুপুর আড়াইটায় প্রচারিত হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটক ‘অপরিচিতা’ প্রচারিত হবে রাত ৯টায়। রাত ১০টা ২০ মিনিটে থাকছে ‘মুজিব চেতনায় রবীন্দ্রনাথ’।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সকাল ও রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে ভিন্নধর্মী এক সংগীতানুষ্ঠান। রবিঠাকুরের ২৫-৪৫ বছর বয়সের মধ্যে রচিত প্রকৃতি, প্রেম, বিরহ, পূজা পর্যায়ের বাছাই করা সাতটি গান নিয়ে সমবেত সংগীত পরিবেশন করবে চট্টগ্রামের সাতটি সাংস্কৃতিক সংগঠন।
এল রুমা আকতারের প্রযোজনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, রক্তকরবী, অভ্যুদয় সংগীত অঙ্গন, সংগীত ভবন, গীতধ্বনী সংগীত অংগন, সঙ্গীততীর্থ ও বাংলাদেশ শিশু একাডেমি।
মোট সাতটি গানে প্রায় ৮৪ জন শিল্পীর অংশগ্রহণে এ সমবেত সংগীতায়োজনটির পরিচালনায় আছেন শিলা মোমেন, কাবেরী সেনগুপ্তা, তৃপ্তি দাশ, শান্তা গুহ, শ্রেয়সী রায়, চিত্রা বড়ুয়া ও রাজীব মজুমদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন আবৃত্তিশিল্পী প্রবীর পাল। অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু।
চ্যানেল আই
সকাল ১১.০৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্র বিষয়ক আলোচনা, গান এবং রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘সরাসরি রবীন্দ্রনাথ’। বিকেল ৩.০৫ মিনিটে প্রচার হবে মাহবুবা ইসলাম সুমী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘তুমি রবে নীরবে’।
সন্ধ্যা ৬টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় খাবার নিয়ে কেকা ফেরদৌসীর ‘বিশেষ পরিবেশনা’। সন্ধ্যা ৬.২০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে’।
রাত ৮.৩০ মিনিটে রয়েছে ৩২ নম্বর, ধানমন্ডি থেকে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় বঙ্গবন্ধুর প্রিয় রবীন্দ্রনাথের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শহিদুল আলম সাচ্চু।
আরটিভি
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প 'তপস্বিনী' অবলম্বনে নির্মিত হয়েছে নাটক 'তপস্বিনী'। নাট্যরূপ ও পরিচালনায় রয়েছেন সুমন আনোয়ার, প্রচারিত হবে রাত ৮টায়।
এতে বরদানন্দ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং ষোড়শী চরিত্রে দেখা যাবে জাকিয়া বারী মমকে। এছাড়াও, অন্যান্য চরিত্রে রয়েছেন দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু, হেলাল, হান্নান শেলী প্রমুখ।
এনটিভি
ভোর ৬.৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রতিদিনের সূর্য’। আলফ্রেড খোকনের প্রযোজনায় এ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন বদরুদ্দিন উমর, ড. খালিকুজ্জামান ইলিয়াস ও রাজু আলাউদ্দিন। থাকবে রবীন্দ্রনাথের স্বকন্ঠে গান। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন লোপা মমতাজ।
দুপুর ১.৩০ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘নতুন কন্ঠে রবীন্দ্রনাথ’। মূলত শিশু-কিশোরদের কণ্ঠে রবীন্দ্রনাথ কিভাবে উচ্চারিত হয়, তাই তুলে ধরা হবে কথা, ছড়া, কবিতা ও গানে গানে। মুনমুনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও মনোবিজ্ঞানী মেহতাব খানম।
রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে কাহিনীচিত্র ‘প্রণয়িনী’। নাটকটির সংলাপ লিখেছেন উর্মি মোস্তফা। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন- রওনক হাসান, তারিন, মনোজ কুমার প্রামানিক, খলিলুর রহমান কাদেরী, বাকার বকুল, বাপ্পি সাইফ প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
রাত ১০৩০ মিনিটে প্রচার হবে 'তোমার অসীমে’। কবিতা, গান ও আলোচনাভিত্তিক এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান। কবিতা আবৃত্তি করবেন সামিউল পোলাক। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।
