জিতের সঙ্গে মিম
জিৎ প্রযোজিত ‘মানুষ’ সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার।
কলকাতার জনপ্রিয় নায়ক জিতের চলচ্চিত্র ‘মানুষ’ পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। সিনেমাটিতে নায়িকা হিসেবে দেখা যাবে বাংলাদেশের বিদ্যা সিনহা মিমকে।
বুধবার সন্ধ্যায় জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিডেট’র ফেইসবুক পাতায় সিনেমার মূল চরিত্রের অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। তাতে চমক হিসেবে দেখা যায় মিমের নাম।
মানুষ সিনেমায় আরও অভিনয় করছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।
ঘোষণাটি নিজের টাইমলাইনে শেয়ার করার পর জিতের সঙ্গে একটি ছবিও আপলোড দিয়েছেন পরাণ, দামালের নায়িকা মিম। ক্যাপশনে লিখেছেন, “আমার পরবর্তী কাজ মানুষ, যা মুক্তি পাবে আগামী রোজার ঈদে।”
এর আগেও ‘সুলতান: দ্য সেভিয়র’ সিনেমায় জিতের সঙ্গে কাজ করেছেন মিম। রাজা চন্দ পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলায়ই সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়।
২০২২ সালে ব্যবসাসফল সিনেমা পরাণ দিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন মিম। দামালেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
