বৈশালীর সাবেক প্রেমিক গ্রেপ্তার
রক্ষাবন্ধনের অভিনেত্রী বৈশালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
গ্রেপ্তার হয়েছেন বৈশালী টক্করের সাবেক প্রেমিক রাহুল নাভলানি; তার বিরুদ্ধে অভিযোগ, ভারতের এই টিভি তারকাকে তিনি আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিলেন।
গত রোববার ইন্দোরে নিজের বাড়িতে বৈশালীর ঝুলন্ত লাশ উদ্ধারের সময় একটি সুইসাইড নোট পাওয়ার কথাও জানিয়েছিল পুলিশ। তাকে বৈশালী তার সাবেক প্রেমিকের হানে হেনস্তার শিকার হওয়ার কথা লিখেছিলেন।
এরপর বৈশালীর পরিবার একটি মামলা করে। সেই মামলায় বুধবার রাহুলকে ইন্দোর পুলিশ গ্রেপ্তার করে বলে এনডিটিভি জানিয়েছে।
ইন্দোরের সহকারী পুলিশ কমিশনার এম রহমান এনডিটিভিকে বলেন, সুইসাইড নোটে নিজের বিপর্যস্ত অবস্থার কথা এবং সাবেক প্রেমিকের কাছে হেনস্তা হওয়ার কথা লিখে গিয়েছিলেন বৈশালী।
কেনিয়ায় বসবাসকারী ভারতীয় চিকিৎসক অভিনন্দন সিংয়ের সঙ্গে বৈশালীর বাগদান হয়েছিল। কিন্তু আকস্মিকভাবে তা ভেঙে যায়। এর পেছনে রাহুলের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল।
এই অভিনেত্রীর পরিবারকে উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা এম রহমান বলেন, বৈশালী সম্পর্কে গুজব ছড়াচ্ছিলেন নাভলানি, হবু স্বামীর কাছে তাদের নানা ছবি ও ভিডিও পাঠান। সেই কারণেই বিয়েটি ভেঙে যায়।
তারপর থেকে বিপর্যস্ত ছিলেন বৈশালী। গত ১ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় শেষবারের মতো একটি পোস্ট দেন তিনি, যা তার আত্মহত্যার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল। ওই পোস্টে একটি সিলিং ফ্যান দেখাচ্ছিলেন তিনি।
ভারতের ছোট পর্দার পরিচিত মুখ বৈশালী সর্বশেষ টিভি সিরিয়াল রক্ষাবন্ধনে কনক সিংঘাল চরিত্রে অভিনয় করছিলেন।
ছোট পর্দায় তার অভিষেক ঘটেছিল ২০১৫ সালে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ দিয়ে, সাঞ্জানা চরিত্রে। পরে ‘ইয়ে হ্যায় আশিকি’তে বৃন্দা চরিত্রে অভিনয় করেন তিনি। ‘শ্বশুরাল সিমার কা’তে আঞ্জালি ভরদ্বাজ চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়ান তিনি।
