১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘লায়ন’ কেক কেটে কী ঈঙ্গিত দিলেন জিৎ?

শ্যামসুন্দর বলেন, “বলেছিলাম, সিনেমাটি হচ্ছে। এই কেক তার প্রমাণ। ওপার বাংলার (বাংলাদেশ) ‘লায়ন’র জন্য বিশেষভাবে তৈরি এই কেক।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 09:26 AM

Updated : 26 Aug 2026, 11:02 AM

সরকার পতনের প্রেক্ষাপটে বাংলাদেশের ‘পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে’ দুই বাংলার যৌথ কাজ ‘গতি হারিয়েছে’। এর মধ্যে কলকাতার অ্যাকশন নায়ক জিৎকে নিয়ে ঢাকার পরিচালক রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমার কাজ আদৌ এগুবে কী না সেই শঙ্কাও ‘দানা বাঁধে’। 

তবে শঙ্কা ‘কেটেছে’। আনন্দবাজার লিখেছে ৩০ নভেম্বর জিতের জন্মদিনে সিনেমার প্রযোজক শ্যামসুন্দর দে একটি কেক উপহার দিয়েছেন। যে কেক বহন করছে একটি বিশেষ ইঙ্গিত। 

চকোলেট কেকের গায়ে উজ্জ্বল এক সিংহের মুখ! মাথায় সোনালি মুকুট।

শ্যামসুন্দর বলেন, “বলেছিলাম, সিনেমাটি হচ্ছে। এই কেক তার প্রমাণ। ওপার বাংলার (বাংলাদেশ) ‘লায়ন’র জন্য বিশেষভাবে তৈরি এই কেক। একা আমি নই, বাংলাদেশ থেকে রাফীও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জিতদাকে।”

প্রযোজক জানিয়েছেন কেক দেখে দারুণ খুশি হয়েছেন নায়ক।

শ্যামসুন্দরের ভাষ্য, সিনেমা নিয়ে পরিচালক রাফীর সঙ্গে ফোনে তাদের প্রতিদিনই আলোচনা হচ্ছে।

“সিনেমায় জাহাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটির কারণে সিনেমাটি তৈরি হতে একটু সময় লাগছে। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও জটিল। ”

নতুন বছর ‘সমস্যা মিটে যাবে’ বলে প্রত্যাশা করছেন এই প্রযোজক।

 “আশা করছি শিগগিরই ‘লায়ন’কে শুটিং ফ্লোরে পৌঁছে দিতে পারব।”

‘তুফান’ সিনেমা বানিয়ে দারুণ সাড়া তোলা রাফী ‘লায়ন’ এবং তাতে জিতের অভিনয় করার খবর দিয়েছিলেন দুই মাস আগে।

তবে পাত্রপাত্রী নির্বাচনে রাফী পাল্লা ভারি রেখেছেন নিজের দেশের দিকেই।

এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শরীফুল রাজকে এবং নায়িকাও রাফী নিচ্ছেন ঢাকা থেকেই। সিনেমায় এবারেও মারাকাটারি অ্যাকশন থাকবে বলে জানিয়েছেন রাফী।

যৌথ প্রযোজনার এই সিনেমায় জিৎ ও রাজকে নিয়ে রাফীর ভাষ্য, “সিনেমার গল্পে দুই জনই সমান, কেউ নায়ক, কেউ ভিলেন নয়।“

নায়িকার নাম অবশ্য রাফী এখনো ঘোষণা করেননি।

‘লায়ন’ আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে রাফী কাজ শুরু করেছেন।

এছাড়া কবে কোথায় শুটিং শুরু হবে, সিনেমায় টাকা লগ্নি করছে কোন কোন প্রতিষ্ঠান সেসব জানাতে শিগগিরই সংবাদ সম্মেলনে আসবেন রাফী।

রাজ ও বিদ্যা সিনহা মীমকে নিয়ে ‘পরাণ’ বানিয়ে দুই বছর আগে আলোচনায় আসেন রাফী। কোভিড মহামারীর পর দর্শককে হলমুখী করতে রাফীর এই সিনেমাটি সে সময় ভূমিকা রাখে।

এরপর রাফীর হাত ধরে আসে ‘সুড়ঙ্গ’। আফরান নিশো ও তমা মির্জাকে নিয়ে নির্মিত এই সিনেমা ফের আলোচনা তৈরি করে। এরপর চলতি বছরে সুপারস্টার শাকিব খান, কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং চঞ্চল চৌধুরীকে নিয়ে ‘তুফান’ বানিয়ে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন রাফী।

কিছুদিন আগে শোনা যাচ্ছিল, ‘তুফান ২’ নিয়ে ব্যস্ত হয়েছেন রাফী। 

আরও পড়ুন:

রাফীর পরের নায়ক জিৎ?

'লায়ন': জিৎ-রাজ সমানে সমানবললেন রাফী