অক্ষয়কে চড় মারলে ১০ লাখ রুপি পুরস্কার!
সংগঠনটির সভাপতি গোবিন্দ পরাসর অক্ষয় কুমারকে চড় মারা বা থুতু ছেটানোর জন্য পুরস্কার ঘোষণার পাশাপাশি সিনেমা বয়কটেরও আহ্বানও জানান।
মুক্তির পরও বিতর্ক পিছু ছাড়ছে না! কিছুদিন আগেই সেন্সর বোর্ডের কোপে পড়েছিল সিনেমা ‘ওমজি ২’। এবার তা মুক্তি পেতেই কট্টরপন্থীদের রোষের মুখে পড়লেন অভিনেতা অক্ষয় কুমার।
ভারতীয় যৌন শিক্ষার নানা দিক তুলে ধরা হয়েছে এই সিনেমায়, যা জনগণের একাংশের অনুভূতিতে আঘাত করেছে দাবি রাষ্ট্রীয় হিন্দু পরিষদের। এছাড়াও শিবদূতের ভূমিকায় অক্ষয়কে নিয়েও আপত্তি তাদের।
বৃহস্পতিবার আগ্রার প্রেক্ষাগৃহের বাইরে পোড়ানো হয় অক্ষয়ের কুশপুতুল এবং সিনেমার পোস্টার। পাশাপাশি সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করার দাবিও তোলে হিন্দু পরিষদ।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, সম্প্রতি সংগঠনটির সভাপতি গোবিন্দ পরাসর অক্ষয় কুমারকে চড় মারা বা থুতু ছিটানোর জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছেন। ক্ষিপ্ত হয়ে তিনি সিনেমাটি বয়কটেরও আহ্বানও জানান।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে পরাসর বলেন, “ভগবান শিবের দূতের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়৷ এই চরিত্রের জন্য অভিনেতা এমন কিছু দৃশ্য
পর্দায় ফুটিয়ে তুলেছেন, যা মহাদেবকে অপমানের সমান ৷ এখানে ভগবান শিবকে কচোড়ি কিনতে এবং নোংরা পুকুরে স্নান করতে দেখা যায়৷ এছাড়াও মদ্যপানের দৃশ্য ও যৌনতা প্রসঙ্গ তুলে ধরা হয়েছে ৷ যদি এই সিনেমা মুক্তি পায়, তাহলে হিন্দু পরিষদের সদস্যরা সিনেমা হলে অগ্নিসংযোগ করতেও পিছপা হব না৷”
‘ওএমজি ২’ মূলত অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের সিনেমা ‘ওহ মাই গড’ এর সিক্যুয়েল। সিনেমাটি মুক্তির প্রথম দিনে ৯.৫০ কোটি রুপি আয় করেছে বলে হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে।
উল্টো দিকে একই দিনে মুক্তি পাওয়া ‘গদর ২’ এর আয় ৪০ কোটি। সিনেমাটি ২০০২ সালের ব্লকবাস্টার হিট ‘গদর: এক প্রেম কথা’র সিক্যুয়েল। যাতে রয়েছেন সানি দেওল আর আমিশা প্যাটেল।
