‘পুষ্পা ২’ এ দেখা যাবে রণবীর সিংকেও
সিনেমার গুরুত্বপূর্ণ সময়ে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় তিনি উপস্থিত হবেন।
ভারতের দক্ষিণের তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা’র সিক্যুয়েলে আসর জমাতে আসছেন বলিউড তারকা রণরীর সিং; তাকে একটি জাঁকজমকপূর্ণ পার্টির গানে নাচতে দেখা যাবে।
২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে ঝড় তোলার পর দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’র ঘোষণা আসে। এখানেও পুষ্পার ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন। তার প্রেমিকা শ্রীবল্লীর চরিত্রে রাশমিকা মানদানাই থাকছেন।
বলিউড নায়িকা দিশা পাটানি ‘পুষ্পা: দ্য রুল’ এ একটি আইটেম গানে নাচবেন বলে আগেই জানা গিয়েছিল; এখন রণবীর সিংয়ের কথাও শোনাল নিউজ এইটিন।
সম্প্রতি হায়দ্রাবাদের একটি রিসোর্টে বেশ কিছু পার্টি গানের শুটিং করেছে পুষ্পা টিম। সেই গানে রণবীর অংশ নেওয়ার পাশাপাশি সিনেমায় ক্যামিও উপস্থিতিও থাকবে তার।
বানি নামে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় সিনেমার গুরুত্বপূর্ণ সময়ে তিনি উপস্থিত হবেন বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর এসেছে।
‘পুষ্পা: দ্য রুল’র শুটিং শুরু হয় গত বছরের শেষের দিকে। প্রথমে বিশাখাপত্তম এবং তারপর হায়দ্রাবাদে এক দফা শুটিং সেরেছে সিনেমা টিম।
কিন্তু যতটুকু কাজ হয়েছিল তাতে পরিচালক সন্তুষ্ট হননি বলে শুটিং পরিকল্পনা নতুন করে ঢেলে সাজাতে চেয়েছিলেন তিনি। তাই কিছু সময়ের জন্য কাজ স্থগিতও রেখেছিলেন।
নির্মাতা আনুষ্ঠানিকভাবে সিনেমা মুক্তির ঘোষণা না দিলেও ইঙ্গিত দিয়েছিলেন ২০২৪ সালে হলে আসবে ‘পুষ্পা: দ্য রুল’।
