Published : 15 Feb 2023, 11:06 PM
২০২১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুনের তেলেগু সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ’। দক্ষিণ ভারত তো বটেই, সিনেমাটির জনপ্রিয়তা ভারতের সীমানাও ছাড়িয়ে গিয়েছিল।
সেই জনপ্রিয়তার কথা মাথা রেখেই সিকুয়াল তৈরিতে নেমেছেন নির্মাতারা। সময় অপচয় না করে গত বছরের শেষ থেকে সিনেমাটির সিকুয়াল ‘পুষ্পা দ্য রুল’র শুটিংও শুরু করে দিয়েছেন তারা।
তবে আগের বারের মতো নতুন সিনেমাটিতেও আল্লু অর্জুন ও রাশমিকা মানদানা থাকলেও থাকছেন না দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
‘পুষ্পা দ্য রাইজ’র ‘ও অন্তভা’ আইটেম গানের দৃশ্যে নেচেছিলেন সামান্থা। মাত্র তিন মিনিটের সেই গানে তার নাচে উঠেছিল ঝড়। তবে সিকুয়ালে তিনি থাকছেন না বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নির্মাতা সুকুমার রায় নতুন সিনেমার একটি আইটেম গানেও নাচার প্রস্তাব দিয়েছিলেন সামান্থাকে। তবে তিনি রাজি হননি। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে আর কোনো আইটেম গানে নাচতে সামান্থা চান না বলে খবর এসেছে।
এর আগের বার নাচের আগে বেশ নার্ভাস ছিলেন সামান্থা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “প্রত্যেকটি স্টেপ ঠিক মতো করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। আল্লুর সঙ্গে নাচা খুব কঠিন কাজ ছিল। ও অসামান্য।”
পুষ্পার পর বলিউডে অভিষক ঘটেছে সামান্থার; তার ব্যস্ততাও বাড়ছে।
এদিকে সামান্থা রাজি না হলেও দিশা পাটানিকে পুষ্পার সিকুয়ালে একটি আইটেম গানে দেখা যাবে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর এসেছে।