Published : 06 Jun 2026, 06:22 PM
প্রতিষ্ঠার পর নতুন আরও একটি বছরে পা রেখেছে ব্যান্ড 'ওয়ারফেজ'। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা কোনো আয়োজন না রাখলেও নতুন গান প্রকাশ ও বিশেষ কনসার্টের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডটি।
ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু গ্লিটজকে বলেন, "শনিবার ওয়ারফেজের ৪২তম জন্মবার্ষিকী, কাকতালীয়ভাবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে একটি কনসার্ট পড়েছে। ওইখানেই আমরা সবার সঙ্গে ছোট করে আনন্দের সঙ্গে দিনটি পালন করব।”
টিপু বলেন, "চল্লিশ বছর ঘিরে ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ এটি নিয়ে তো আমাদের দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করার কথা, সেই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। এছাড়া এ মাসে আমাদের দুটি গান প্রকাশ হতে পারে।”
এর মধ্যে একটি ‘জীবনধারা’ অ্যালবামের ‘ক্রমশ’ গানটি। এটি নতুন করে সংগীত আয়োজন করা হয়েছে। পথচলা ২ অ্যালবামের অংশ হিসেবে গানটি প্রচারে আসবে বলে জানিয়েছেন টিপু।
এ ছাড়া একটি চলচ্চিত্রের জন্যও ব্যান্ডটি গান করেছেন, যা শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে আগামী ২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ওয়ারফেজের একক কনসার্ট ‘প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস’।
কনসার্টে নিজেদের দর্শকপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি এই আয়োজনে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের গানও গাইবে ব্যান্ডটি।
কনসার্ট নিয়ে টিপু বলেন, “এটি নিঃসন্দেহে দারুণ একটি শো হতে চলেছে। এখন আমাদের পুরোদমে প্রস্তুতি চলছে। মাইকেল জ্যাকসনের ১০-১২টি গান পরিবেশন করব আমরা। পাশাপাশি নিজেদের গান তো থাকবেই।”
১৯৮৪ সালের ৬ জুন যাত্রা করে ‘ওয়ারফেজ’। ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করে।
২০২৪ সালে দলটি সংগীতযাত্রার ৪০ বছর পূর্ণ করে, এই দীর্ঘপথচলাকে ঘিরে ওই বছরের অগাস্ট থেকে দলটি দেশ-বিদেশে লিগ্যাসি কনসার্ট ট্যুর করে।
কয়েকটি দেশ ঘুরে দলটির ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে যাওয়ার কথা ছিল দেশের নানা প্রান্তে। তবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য তা আপাতত স্থগিত।
‘ওয়ারফেজ’ তাদের ‘পথচলা ২’ নামে অ্যালবামের কাজ করছে। যেখানে তাদের পুরনো গানগুলো ফিরছে নতুনভাবে। অ্যালবামের দুটি গান ‘অন্ধ জীবন’ ও ‘অবাক ভালোবাসা’ প্রকাশ হয়েছিল ২০২৪ সালে।
এছাড়াও সাত থেকে আটটি গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করবে ‘ওয়ারফেজ’।
চার দশকের পথচলায় দলটি উপহার দিয়েছে ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’, ‘জননী’, ‘যত দূরে’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘তোমাকে’, ‘পূর্ণতা’, ‘সত্য’, ‘রূপকথা’র মত জনপ্রিয় গান। প্রকাশ পেয়েছে ব্যান্ডের আটটি অ্যালবাম