২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মঞ্চে ভারতীয় ও ফরাসিদের নিয়ে ‘বোম্বে এক্সপেরিয়েন্স’

বুধবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘আলেক্সন্দ্রে হেরের বোম্বে এক্সপেরিয়েন্স’ শিরোনামের কনসার্টটি।

ঢাকার মঞ্চে ভারতীয় ও ফরাসিদের নিয়ে ‘বোম্বে এক্সপেরিয়েন্স’
ব্যান্ড ‘বোম্বে এক্সপেরিয়েন্স’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 03:21 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

একাধিক দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার আয়োজনে হতে যাচ্ছে বিশেষ সংগীত অনুষ্ঠান।

‘আলেক্সন্দ্রে হেরের বোম্বে এক্সপেরিয়েন্স’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।  

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টায় শুরু হবে এই অনুষ্ঠান। এছাড়া পরের দিন বৃহস্পতিবার আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার ধানমন্ডির কার্যালয়ে বোম্বে এক্সপেরিয়েন্সের তিন শিল্পীকে নিয়ে আয়োজন করা হয়েছে একটি মাস্টারক্লাসের। যে শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে দুপুর ১২টায়। 

আলেক্সন্দ্রে হেরেরের বোম্বে এক্সপেরিয়েন্স মূলত একটি মিউজিক কোলাবরেশন প্রজেক্ট। এই প্রজেক্টটির মাধ্যমে কর্ণাটকি রিদম, ভারতীয় হিপহপ এবং সমসাময়িক জ্যাজ মিউজিকের মধ্যে সেতুবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে। 

এই প্রজেক্টে রয়েছেন ফরাসি পিয়ানোবাদক অ্যালেক্সন্দ্রে হেরের, ড্রামার পিয়েরে মঞ্জার্ড ও বেজ প্লেয়ার গায়েল পেত্রিনা এবং ভারতীয় মৃদঙ্গবাদক বি সি মঞ্জুনাথ ও র‍্যাপার মানমিত কউর।

২০২৩ সালে মুম্বাই ভ্রমণের সময় সেখানকার র‍্যাপ ও বিটবক্স সংস্কৃতির সঙ্গে পরিচিত হন ফরাসি জ্যাজ সুরকার আলেক্সন্দ্রে হেরের। সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় বোম্বে এক্সপেরিয়েন্স। একই বছরে ফ্রান্সে আয়োজিত একটি মাস্টারক্লাসে হেরেরের পরিচয় হয় বি সি মঞ্জুনাথের সঙ্গে। 

সেখানে মঞ্জুনাথ কর্ণাটকি তালসংগীতের গাণিতিক কাঠামো ও হেরেরের নিজস্ব সংগীত রচনাশৈলীর অসাধারণ মিলগুলো তুলে ধরেন।  

২০২৪ সালের মার্চ মাসে ফ্রান্সের গ্রেনোবলের ডেটোর্স ডি বাবেল উৎসবে রেসিডেন্সি ও ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে পূর্ণাঙ্গ কোলাবরেশন হিসেবে আত্মপ্রকাশ করে দলটি। সাতটি মিউজিক ট্র্যাক নিয়ে গত ২৭ জুন প্রকাশ হয় তাদের অ্যালবাম।

বোম্বে এক্সপেরিয়েন্সের লাইভ পরিবেশনাগুলো ভারতীয় শাস্ত্রীয় ঐতিহ্য, সমকালীন হিপহপ এবং জ্যাজের জ্যামিং বা সংমিশ্রণ ঘটানো হয়, যেখানে তাল-লয়ের জটিলতা, গানের ভাবগম্ভীরতা এবং তাৎক্ষণিক সৃজনশীলতার স্বাধীনতা একত্রে মিশে যায়।