২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুলতানা’স ড্রিম’ শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে

শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় এই সিনেমার ১৮টি শো চলবে।

‘সুলতানা’স ড্রিম’ শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে
‘সুলতানাস ড্রিম’ সিনেমার পোস্টার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 11:24 AM

Updated : 10 Sep 2026, 12:47 PM

বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে নির্মিত স্প্যানিশ সিনেমা ‘সুলতানা’স ড্রিম’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শুক্রবার।  

সিনেমাটি চলবে স্টার সিনেপ্লেক্সে। বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, শুক্রবার থেকে তাদের ছয়টি শাখায় এই সিনেমার ১৮টি শো চলবে।  

অনগ্রসর বাঙালি সমাজে অবহেলিত নারীরা যেন নিজের অধিকার আদায় করতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে-তেমন স্বপ্ন দেখতেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নারী সমাজের পরিবর্তন চেয়ে সেই স্বপ্ন ও প্রত্যয়ের গল্প বেগম রোকেয়া তুলে ধরেন তার বইয়ে।

রোকেয়ার সেই গল্পই পর্দায় তুলে আনেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা।

স্প্যানিশ ভাষায় ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেশন চলচ্চিত্রের নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’, ইংরেজিতে ‘সুলতানা’স ড্রিম’।

২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর স্পেনের ‘সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভালে' সিনেমাটির প্রিমিয়ার হয়। 

এরপর ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়া ফেস্টিভ্যাল, ফিল্মফেস্ট হামবুর্গ, লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে সিনেমাটি।

১৯০৫ সালে ইংরেজিতে প্রকাশিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানা'স ড্রিম’ রচনাটি পুরো ভারতবর্ষে, বিশেষ করে বাংলায় নারীবাদী আন্দোলনের পথিকৃৎ এবং একটি বৈপ্লবিক কল্পকাহিনী বলে বিখ্যাত হয়ে আছে। পরবর্তীতে ১৯২২ সালে (রোকেয়া-রচনাবলী) বেগম রোকেয়া নিজেই কিছু পরিবর্তন ও পরিবর্ধন করে উপন্যাসটি ‘সুলতানার স্বপ্ন’ নামে সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন।

বেগম রোকেয়ার এ লেখার সঙ্গে কীভাবে পরিচয় হল, সে কথা এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন নির্মাতা হারগুয়েরা। ২০১২ সালে দিল্লি গিয়েছিলেন তিনি। প্রচণ্ড বৃষ্টির এক দিনে আটকা পড়েছিলেন শহরের একটি আর্ট গ্যালারিতে। সেখানেই খুঁজে পান 'সুলতানাস ড্রিম' বইটি।

ইসবেল বলেছিলেন, “এত বছর আগে লেখা একটি বই, যেখানে নারীদের স্বপ্ন দেখানো হয়েছে অন্য এক পৃথিবীর। বইটি পড়ে আমার বিস্ময়ের শেষ ছিল না। একেবারে প্রথম দেখায় প্রেমে পড়ার মত। তখনই সিদ্ধান্ত নিই, এটা নিয়ে আমি সিনেমা বানাব।

“কিছুদিন পর সিদ্ধান্ত নিই যে ফিচার ফিল্ম হবে এবং অ্যানিমেশন হবে। কিন্তু অ্যানিমেশন ফিল্ম করতে দক্ষ লোকবলের প্রয়োজন হয়, প্রচুর অর্থ লাগে। আমার মনে হয় কাজটি দুর্দান্ত হয়েছে।"

বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্কসহ সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি ভাষা।

এই সিনেমায় কলকাতার সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গানও আছে। গানটির সংগীতায়োজন করেছেন তাজদির জুনায়েদ; গেয়েছেন দীপান্বিতা আচার্য।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠান।

আরও পড়ুন

ঢাকায় আসছে 'সুলতানা'স ড্রিম'

বেগম রোকেয়ার 'সুলতানার স্বপ্ন' নিয়ে স্প্যানিশ চলচ্চিত্র

'সুলতানার স্বপ্ন' আসছে নেপালি ভাষায়: মফিদুল হক