২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্ত্রীর প্রাক্তনের গুণে মুগ্ধ ভিকি

ভিকি কৌশলের কাছে রণবীর কাপুর একজন ‘অবিশ্বাস্য রকম নির্ভরযোগ্য’ মানুষ।

স্ত্রীর প্রাক্তনের গুণে মুগ্ধ ভিকি

রণবীর কাপুর ও ভিকি কৌশল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2023, 06:52 PM

Updated : 08 Jun 2023, 06:52 PM

স্ত্রী ক্যাটরিনা কাইফের প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরকে নিজের প্রিয় অভিনেতাদের তালিকায় রেখেছেন বলিউড তারকা ভিকি কৌশল। তার বিবেচনায়ম রণবীর ‘অবিশ্বাস্য রকম নির্ভরযোগ্য’ একজন মানুষ।

সম্প্রতি সিনেমা ‘জারা হাটকে, জারা বাঁচকে’র প্রচারে গিয়ে ভিকি সহ অভিনেতা রণবীরের ‘হটকে’ ও ‘বাঁচকে’ গুণাবলী প্রকাশ করেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

২০১৮ সালের সিনেমা ‘সাঞ্জু’ ও ২০২২ সালের ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমায় রণবীরের সঙ্গে কাজ করেছেন ভিকি।

তার আগে রণবীর ও ক্যাটরিনা ছিলেন প্রেমের সম্পর্কে। সেই বিচ্ছেদের পর ২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনাকে বিয়ে করেন ভিকি। অন্যদিকে রণবীরও গত বছর বিয়ে করেন আরেক অভিনেত্রী আলিয়া ভাটকে।

পুরনো খবর:

সাত পাকে বাঁধা পড়লেন ক্যাটরিনা-ভিকি
রণবীর-আলিয়া: সিনেমার আগেই জীবনে জুটি

রণবীর সম্পর্কে নিউজ তক-কে ভিকি বলেন, “আমার প্রিয় অভিনেতাদের একজন রণবীর। তার সবচেয়ে অনন্য গুণ হচ্ছে, ব্যক্তি ও অভিনেতা হিসাবে ‘অবিশ্বাস্য রকম নিরাপদ’ তিনি।

“কোনো সিনেমার চরিত্রের জন্য প্রস্তুত হতে যে চেষ্টা তিনি করেছেন বা যতটুকু পড়াশুনা করেছেন, তা কখনই তিনি সেটে প্রকাশ করেন না। এমনকি কারও কাছে জাহিরও করেন না, একজন অভিনেতা হিসেবে কতটা পরিশ্রম করছেন তিনি।”

Image

সিনেমায় রণবীর কাপুর ও ভিকি কৌশল

রণবীরের চরিত্রের একটি হাস্যকর দিক তুলে ধরে ভিকি বলেন, “রণবীর প্রায়ই আপনার সঙ্গে একটি তথ্য শেয়ার করে বলবেন, ‘আমি কেবল এটি আপনাকেই বলছি, দয়া করে কাউকে বলবেন না’।

“তারপরে আপনি চিন্তায় পড়ে যাবেন, কোনোভাবে এই তথ্যটি কেউ জানলে আপনাকেই দোষ দেওয়া হবে। পরে আপনি নিজেই বুঝবেন যে, তিনি একই কথা অনেককে বলে তা কাউকে জানাতে নিষেধ করেছেন।”

সম্প্রতিই ভিকি কৌশল অভিনীত সিনেমা ‘জারা হাটকে জারা বাঁচকে’ মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে রয়েছেন সারা আলী খান। লক্ষ্মণ উতেকর পরিচালিত এ সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।