শোয়ার্জনেগারের দুর্বিষহ শৈশব
‘প্রিডেটর’ তারকার ভাষ্য, মদ্যপ বাবার উগ্র আচরণের কারণে ঘরে সবসময় ভয়ের পরিবেশ থাকত।
হলিউডের রূপালী জগৎ অর্থ, খ্যাতি এনে দিলেও শৈশবের দিনগুলো মোটেও সুখকর ছিল না আরনল্ড শোয়ার্জনেগার আর তার ভাই মেইনহার্ডের জন্য। আর এজন্য দিনি দায়ী করেছেন তার বাবার উগ্র আচরণকে।
পিংকভিলা জানিয়েছে, বাবা সাবেক নাৎসি সদস্য গুস্তাভ শোয়ার্জনেগারের কারণে প্রয়াত ভাই মেইনহার্ড ও তার জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠেছিল, সেই কথা নেটফ্লিক্সে প্রকাশিত ডক্যুসিরিজে তুলে ধরেছেন ‘টার্মিনেটর’ খ্যাত এই তারকা। ।
ডক্যুমেন্টারিতে শোয়ার্জনেগারের বয়ানে উঠে এসেছে তার বাবার এক ধরনের দ্বৈত আচরণের বিষয়।
‘প্রিডেটর’ তারকার ভাষ্য, মদ্যপ বাবার উগ্র আচরণের কারণে ঘরে সবসময় ভয় এবং অনিশ্চয়তার পরিবেশ থাকত।
কখনও নরম-দয়ালু আবার পরক্ষণেই হয়ত উগ্র-সহিংস, বাবার এমন চরিত্র দেখেই বেড়ে উঠেছেন শোয়ার্জনেগার ও তার ভাই।
“বাড়িতে আমি এবং আমার ভাই এক ধরনের সিজোফ্রেনিক আচরণ দেখেছি। কখনও বাবাকে দেখেছি দয়ালু হিসেবে, আবার ভোর তিনটায় বাবাকে মাতাল অবস্থায় বাড়ি ফিরে চিৎকারও করতে দেখেছি।”
বাবার এমন অস্বাভাবিক আচরণের কারণে শোয়ার্জনেগার ও তার ভাইবোনেরা সবসময় থাকতেন দুশ্চিন্তায়। বাবা হয়ত হুটহাট মারধর শুরু করতে পারেন, এই ভয়ে সব সময়ই তটস্থ থাকতে হত বলে জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া অ্যাকশন হিরো।
শৈশবে সেই সব ঘটটার একটা বড় প্রভাব শোয়ার্জনেগার এবং মেইনহার্ডের ওপরও পড়ে।
শোয়ার্জনেগার মনে করেন, বাবার এমন উগ্র ও নৃশংস আচরণের কারণে তার ভাই মেইনহার্ড এক সময়ে মদে আসক্ত হয়ে পড়েন।
ভাই মেইনহার্ডকে ‘স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সুক্ষ বোধসম্পন্ন মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন শোয়ার্জনেগার বলেছেন, বাড়ির ওইরকম বিষাক্ত পরিবেশের চাপ আর নিতে পারেননি তিনি।
মেইনহার্ড মাত্র ২৪ বছর বয়সে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় মারা যান।
দুর্বিষহ অতীত থেকে আরনল্ড শোয়ার্জনেগারের খ্যাতিমান অভিনেতা ও রাজনীতিবিদ হওয়ার পেছনে কাজ করেছে দৃঢ় সংকল্প। বাড়ির ওই অসুস্থ পরিবেশের ছায়া থেকে বেরিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আশায় ১৯৬৮ সালে অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।
নাৎসি দলের সঙ্গে বাবার সম্পৃক্ততার বিষয় নিয়েও ডক্যুমেন্টারিতে কথা বলেছেন তিনি।
শোয়ার্জনেগারের অকপট স্বীকারোক্তিতে শুধু তার নিজের জীবনসংগ্রামের চিত্রই উঠে আসেনি, শৈশবে পাওয়া মানসিক আঘাতের প্রভাবের বিষয়টিও পরিষ্কার হয়েছে। ঘুরে দাঁড়ানোর জন্য সক্ষমতা অর্জন, সহানুভূতির পরিবেশ তৈরি এবং নির্যাতনের চক্র ভাঙায় মনোযোগী হন।
দর্শকরা ডক্যুমেন্টারিটি দেখার সময় নিজেকে আরনল্ড শোয়ার্জনেগারের জায়গায় দাঁড় করালেই শুধু তার জীবনের জটিলতা আর সঙ্কটময় শৈশবের গভীরে যেত পারবেন।
