২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন নির্মাণে শব্দ দূষণ: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শব্দ দূষণের দায়ে আবাসন খাতের তিন প্রতিষ্ঠান র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড, শেলটেক প্রপার্টিজ লিমিটেড ও ইনস্টার লিমিটেডকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শব্দ দূষণের দায়ে আবাসন খাতের তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন। র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড, শেলটেক প্রপার্টিজ লিমিটেড ও ইনস্টার লিমিটেডকে ১ লাখ টাকা করে জরিমানা করার পাশাপাশি শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেন তিনি। এছাড়া মিরপুরে বর্জ্য ফেলে ঝিল দূষণের দায়ে জিন্স কালচার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ৭ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, মিরপুরে জিন্স কালচার লিমিটেডের ধোলাই কারখানায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ রয়েছে। আর কারখানা থেকে তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় ড্রেনের মাধ্যমে সরাসরি রূপনগর ঝিলে মিশে পানি দূষণ করছে। এ জন্য ওই প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক ৭ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভবিষ্যতে ইটিপি বন্ধ পাওয়া গেলে কারখানা বন্ধ করে দেওয়ার পাশাপাশি মালিককে গ্রেপ্তার করা হবে বলেও সতর্ক করা হয়। অন্যদিকে, বনানী ১১ নম্বর সড়কে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের সময় সহনীয় মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টির দায়ে র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড, ইনস্টার লিমিটেড ও শেলটেক প্রপার্টিজ লিমিটেডকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। একইসঙ্গে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে নামিয়ে আনারও নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। ওই তিন প্রতিষ্ঠানের পাইলিংয়ে সৃষ্ট শব্দের মাত্রা পাওয়া যায় যথাক্রমে ৯৫.৫, ৯৬ ও ৯৫ ডেসিবেল। অথচ ওই এলাকার সহনীয় মাত্রা ৫০ ডেসিবেল। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক এ পদক্ষেপ নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/আরএম/এএল/জেকে/১৭৪৬ ঘ.