ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সীতাকুণ্ডে দুর্যোগ মোকাবেলার জন্য সৃজিত বনের কয়েক হাজার গাছ কেটে ফেলার পরিপ্রেক্ষিতে পরিবেশ ও বনমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, আদালতের নির্দেশ দেখে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।
শুক্রবার ওই এলাকায় ৪০ একর জায়গার প্রায় ১৫ হাজার গাছ কেটে ফেলা হয়েছে শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপনের জন্য।
সীতাকুণ্ডের উপকূলে গাছ কেটে স্থাপন করা হচ্ছে এসব নতুন শিপ ব্রেকিং ইয়ার্ড। বিগত মাসগুলোতে সেখানে বন কেটে স্থাপন করা হয়েছে কয়েকটি ইয়ার্ড।
পরিবেশ বিষয়ক সংগঠনগুলোর অভিযোগ, সরকারদলীয় স্থানীয় সাংসদ আবুল কাশেম মাস্টারের ছেলে এস এম আল মামুনের ছত্রছায়াতেই গাছ কাটা ও ইয়ার্ড স্থাপন করা হচ্ছে।
পরিবেশ ও বনমন্ত্রী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে করণীয় স্থির করতে অ্যাটর্নী জেনারেলের অফিসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
তিনি বলেন, "খবরের কাগজ দেখে মনে হচ্ছে তারা (ইয়ার্ড মালিক) গাছ কাটার অনুমতি পাননি। তবে খুব সম্ভব বলা হয়েছে বন বিভাগ যেন বাধা না দেয়।
মোস্তাফিজুর রহমান বলেন, ইয়ার্ড কর্তৃপক্ষ দেখাচ্ছে এ জমি তাদের। যতটুকু জানি সাগরের জেগে ওঠা জমি বনবিভাগকে দেওয়া হয় বনায়নের জন্য। যখন গাছ লাগানো হয়েছিল তখন কেউ বাধা দেয়নি।
শুক্রবার যেখান থেকে গাছ কাটা হয় গত মে মাসে সরেজমিন গিয়ে তা টিন ও বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে দেখা যায়।
সাংসদপুত্রের অভিযোগ অস্বীকার
তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে সাংসদের ছেলে এস এম আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাছ কাটার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবে ওই এলাকায় আমার ইউনিক নামে একটি ইয়ার্ড আছে।..তিনদিন ধরে দেখছি প্রচুর গাছ কাটা হচ্ছে। শুনেছি সেখানে ৫/৬ টি ইয়ার্ড হবে।"
যারা গাছ কাটছে তাদের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই দাবি করলেও মামুন বলেন, "তবে তাদের চিনি। মাঝে মধ্যে কথা হয়।"
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী অ্যাডভোকেট রিজওয়ানা হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন বন কেটে শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপন করা হচ্ছে। এটি গ্রহণযোগ্য না। যেখানে হাইকোর্টের নির্দেশ রয়েছে পরিবেশের ছাড়পত্র নিয়ে শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপন করতে হবে।"
বেলা-র প্রধান নির্বাহী বলেন, এর আগেও ওই এলাকাতে গাছ কাটার বিরুদ্ধে মামলা হয়েছিল। সে সময় স্থানীয় সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এরই ধারাবাহিকতায় এবারও গাছ কেটে ফেলা হলো।
চট্টগ্রামের উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম আবদুল খালেক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার দুপুর পর্যন্ত প্রায় ১৫ হাজার গাছ কেটে ফেলা হয়। এ ঘটনায় মো. নুরুন্নবী ভূইয়া, মো. আদনান ও মোহাম্মদ সালাউদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে দু'টি মামলা দায়ের করা হয়েছে।
সংরক্ষিত বন না করে বন্দোবস্ত
বনবিভাগ জানিয়েছে, গেজেটে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ অনুসারে উপকূলের এ ভূমি বন বিভাগকে বন্দোবস্ত দেওয়া হয়েছিল। বন আইনের ২০ ধারা অনুসারে এটিকে সংরক্ষিত বন এ পরিণত করার উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে সে প্রক্রিয়া থেমে যায়। এ সুযোগেই ভূমি অফিস থেকে উপকূলের এসব জমি ব্যবসায়ীদের বন্দোবস্ত দেওয়া হচ্ছে।
সিকস্তি আইন অনুসারে কোনও বেসরকারি মালিকানাধীন জমি যখন ভেঙে তলিয়ে যায় তখন এটি খাস জমিতে পরিণত হয়।
স্থানীয় জনসাধারণ জানিয়েছেন, কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে কেওড়া, বাবলা ও বাইন গাছ। উপকূলীয় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য স্থানীয় জনসাধারণের দাবির কারণেই এ বন সৃজন করা হয়েছিল। সে সময় বন বিভাগের সহায়তায় স্থানীয়রাই সৃজিত বনের পরিচর্যা করেছে।
চট্টগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জামিল মোহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনবিভাগের গাছ কাটার অভিযোগে মে মাস পর্যন্ত সীতাকুণ্ড থানায় ১৯টি মামলা করা হয়েছিল। বাদী প্রয়োজনীয় নথি জমা দিতে পারেনি বলে কয়েকটি মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্যারাবন কেটে নতুন ইয়ার্ড স্থাপন করা হচ্ছে। তিনটি নতুন ইয়ার্ড স্থাপন করা হয়েছে।
নাম না প্রকাশের শর্তে বন বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৬৬/৬৭ সালের দিকে ওই এলাকায় বনায়ন শুরু হয়। তবে ১৯৮৬ সালে তৎকালীন কৃষি মন্ত্রণালয় বনায়নের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে ওই জমি লিজ নেয় ২০ বছরের জন্য। এরপর সেখানে ম্যানগ্রোভ বনায়ন করা হয়। ইতিমধ্যে ২০ বছরের লিজ শেষ হয়েছে। এর পর আর কোনও সিদ্ধান্ত হয়নি।
ওই কর্মকর্তা বলেন, "এখন জাহাজ ভাঙা শিল্পের স
bdnews24