ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের গ্রামে সংরক্ষণবিদ ও পাখি পর্যবেক্ষক রোনাল্ড হালদার ও ইনাম আল হককে পাখি পর্যবেক্ষণে বাধা দিয়েছেন স্থানীয় দুই চেয়ারম্যান ও তার লোকজন।
পাখি পর্যবেক্ষক হিসেবে সুপরিচিত রোনাল্ড ও ইনামের অভিযোগ, চেয়ারম্যানরা তাদের এলাকা থেকে চলে যাওয়ার জন্য চাপ দিয়ে বলে দেন, শুধু মাত্র স্থানীয় 'বড় ভাই' ছাড়া আর কেউ পাখি দেখতে কিংবা ছবি তুলতে পারবেন না।
রোনাল্ড হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রীষ্মকালীন অতিথি পাখি হুডেড পিটাসহ কয়েকটি পাখি দেখার জন্য শনিবার দুপুর ১২টার দিকে তারা ফকিরহাট ইউনিয়নের সাতসইয়া গ্রামে পৌঁছান।
রোনাল্ড জানান, গবেষক ড. রেজা খান আগেই সেখানে হুডেড পিটা দেখেছেন বলে তারা সেখানে যান।
গ্রীষ্মে বাংলাদেশের উত্তরের পার্বত্য এলাকায় হুডেড পিটার আগমণ একটি সাধারণ ঘটনা। কিন্তু সমতল ভূমিতে এ পাখিটি দেখার ঘটনা বাংলাদেশের পাখি পর্যবেক্ষকদের কাছে খুবই আগ্রহউদ্দীপক বিষয়।
রোনাল্ড হালদার বলেন, ইনাম আল হক ও আরেকজন বন্ধুকে নিয়ে সাতসইয়া গ্রামে পৌঁছে তিনি সহযোগিতার জন্য 'নেচার ক্লাব' এর স্থানীয় প্রতিনিধি শিপলুর সঙ্গে যোগাযোগ করেন।
রোনাল্ড জানান, শিপলুর পরামর্শে তারা গ্রামের একটি নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে থাকেন। প্রায় এক ঘণ্টা পর পাঁচ থেকে সাতজন লোক নিয়ে শিপলু আসেন। খান জাহিদ হোসেন নামে তাদের একজন নিজেকে স্থানীয় চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে রোনাল্ড হালদার ও তার সঙ্গীদের সেখানে যাওয়ার উদ্দেশ্য জানতে চান।
এ পাখি পর্যবেক্ষকের অভিযোগ, পাখি দেখতে যাওয়ার কথা জানালে জাহিদ হোসেন রেগে যান এবং বলেন, তিনি এই গ্রামে এ ধরনের কাজ করতে দেবেন না। কারণ জানতে চাইলে জাহিদ হোসেন তা জানাতে অস্বীকার করেন।
কথা না শুনলে 'ভয়ানক পরিণতির' হুমকি দিয়ে জাহিদ হোসেন চলে যান বলে জানান রোনাল্ড হালদার।
তিনি বলেন, এর কিছুক্ষণ পর সরদার নিয়ামত হোসেন নামের স্থানীয় উপজেলা চেয়ারম্যান আসেন এবং তিনিও তাদের চলে যেতে বলেন।
রোনাল্ড হালদার বলেন, "আমরা এর কারণ জানতে চাইলে নিয়ামত হোসেন বলেন, তিনি বলেছেন এটাই কারণ।" নিয়ামত হোসেনও চলে না গেলে ভয়ংকর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন।
তবে সেই সঙ্গে তিনি (নিয়ামত হোসেন) বলেন যে গ্রামে একজন 'বড় ভাই' আছেন, তিনিও পাখি দেখেন। তিনি ইঙ্গিত দেন তাদের আর পাখি দেখতে হবে না।
রোনাল্ড বলেন, হয়রানি এড়ানোর জন্য তারা রাত কাটাতে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন এবং পরদিন ভোর সাড়ে ছয়টায় সাতসইয়া গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে জারিয়া গ্রামে যান। সেখানেও সুজা নামের এক লোকের নেতৃত্বে বেশকিছু লোক তাদের ওপর চড়াও হয়। তারা তাদের গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
রোনাল্ড হালদার বলেন, চেয়ারম্যানের উদ্যোগেই এসব করা হয়েছে বলে তার ধারণা। তবে এর কোনো যৌক্তিক ব্যাখ্যা তিনি খুঁজে পাননি।
এ ব্যাপারে চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুরো ব্যাপারটাই অস্বীকার করেন। তিনি শুধু স্বীকার করেন, এরকম কেউ গ্রামে এসেছিল বলে শুনেছেন। কিন্তু তার সঙ্গে কোনো দেখা বা বিবাদ হয়নি।
এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইনাম আল- হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরা যা করেছে তা খুবই অন্যায়। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। রুচিও হয় না।"
বিষয়টি তিনি লিখিতভাবে বাগেরহাটের জেলা প্রশাসককে জানাবেন বলে জানান।
এ ব্যাপারে শিপলু বলেন, তার সঙ্গে পাখি পর্যবেক্ষকদের দেখা হয়েছে। তবে তিনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেননি বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/ডিডি/এসকে/২৩২১ ঘ.
bdnews24