২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশকেও ভূমিকা রাখার আহ্বান

জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে উন্নয়নশীল দেশের সরকারগুলোকেও তাদের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে উন্নয়নশীল দেশের সরকারগুলোকেও তাদের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও বাংলাদেশ। লন্ডনের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে বুধবার এ আহ্বান জানিয়ে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে দেশ দুটি। এছাড়া সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আরও বেশি অর্থ ও নতুন একটি বৈশ্বিক চুক্তির জন্যও আহ্বান জানানো হয়েছে। লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি ভবনে বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার ওই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন বা খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্যের আহ্বান জানিয়ে যুক্তরাজ্য দেশটির জন্য এ ব্যাপারে সাড়ে সাত কোটি পাউন্ডের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এছাড়া শিল্পোন্নত দেশ ডেনমার্ক আগামী তিন বছরে বাংলাদেশের জন্য নবগঠিত বহুপাক্ষিক দাতা তহবিলে (এমটিডিএফ) সহায়তার পরিমাণ ১০ কোটি ক্রোন (ডেনমার্কের মুদ্রা) থেকে বাড়িয়ে ৫০ কোটি ক্রোন করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী উলা টরনায়েস। বাংলাদেশ ও যুক্তরাজ্য একমত হয়েছে যে, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে এবং এরপর এর হার ২০৫০ সালের মধ্যে ১৯৯০ সালের নিঃসরণ সীমার অর্ধেকে নামিয়ে আনতে হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের হাত থেকে রক্ষা পেতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা অবশ্যই ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে বলেও জানিয়েছে তারা। ঘোষণাপত্রে বলা হয়, 'আমরা মনে করি গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোর উচ্চাকাক্সক্ষী পদক্ষেপই কেবল পর্যাপ্ত নয়। বালি কর্মপরিকল্পনা অনুসারে উন্নয়নশীল দেশগুলোরও কিছু ভূমিকা রাখা দরকার। কারণ উন্নয়নশীল দেশগুলোর নিজেদের মধ্যে অনেক বৃহৎ অর্থনীতি ও শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তিসম্পন্ন দেশের সঙ্গে অন্য দেশগুলোর যথেষ্ট পার্থক্য রয়েছে।' সম্মেলনে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে উন্নত বিশ্বের বিরুদ্ধে আগের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসে উন্নয়নশীল দেশ- বিশেষ করে ভারত ও চীনের মতো বড় অর্থনীতির দেশগুলোকে এক্ষেত্রে তাদের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে জলবায়ু পরিবর্তন বিষয়ে 'কিয়োটো প্রটোকল' (১৯৯৭) অনুসারে ভারত বা চীনের মতো দ্রুত উন্নয়নশীল দেশগুলোর তেমন কোনো আইনি বাধ্যবাধকতা নেই বললেই চলে। এক্ষেত্রে এ চুক্তি অনুসারে উন্নত দেশগুলোর কিছুটা বাধ্যবাধকতা রয়েছে। ঘোষণাপত্রে স্বাক্ষর শেষে ডগলাস আলেক্সান্ডার সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বাংলাদেশ নিজস্ব সম্পদ থেকে প্রয়োজনীয় কর্মসূচির অর্থায়ন করতে পারবে না। বাংলাদেশের নাজুক অবস্থানের কথা বিবেচনা করে দেশটির জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্ম পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাজ্য আগামী পাঁচ বছরে সাড়ে সাত কোটি পাউন্ডের মঞ্জুরি সহায়তা দেবে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) লন্ডন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবগঠিত বাংলাদেশ বহুপাক্ষিক দাতা তহবিলের (মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড-এমডিটিএফ) মাধ্যমে এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডেনমার্কের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী উলা টরনায়েস বলেন, দরিদ্র জনগোষ্ঠী কম কার্বন নিঃসরণ করলেও জলবায়ু পরিবর্তনে তারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার। এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা উন্নত দেশগুলোর কর্তব্য। আগামী তিন বছরে তার দেশ এমটিডিএফ এ সহায়তার পরিমাণ ১০ কোটি ক্রোন (ডেনমার্কের মুদ্রা) থেকে বাড়িয়ে ৫০ কোটি ক্রোন করবে বলে ঘোষণা দেন তিনি। অর্থ উপদেষ্টা আজিজুল ইসলাম ও অধ্যাপক মোজাফফর আহমেদও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। সম্মেলনে ২০০৮ সালের জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্ম পরিকল্পনা তুলে ধরে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২০১৯ঘ.