ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিচু ও জলাভূমি ভরাট করে গড়ে উঠা বহুতল ভবনগুলোকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষার লক্ষ্যে ২০০৯ সালের মধ্যে রাজধানীতে নির্মাণ ভূমির ত্রিমাত্রিক মডেল প্রযুক্তি প্রয়োগ করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন ওই প্রযুক্তির সহায়তায় নির্মাণ ভূমির বৈশিষ্ট্য অনুযায়ী স্থাপনা নির্মাণ পরিকল্পনা ও বাস্তবায়ন সহজ হবে। কমবে ভূমিকম্প, ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির আশঙ্কা।
গুলশান-কাকরাইল-বাড্ডা এলাকার ভূমি উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশ ও জার্মান সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত 'বিল্ডিং গ্রাউন্ড ইনফরমেশন সিস্টেম ফর ঢাকা সিটি (বিজিআইএস)' এর বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) ও জার্মানিস্থ ফেডারেল ইন্সটিটিউট ফর জিওসায়েন্স এ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস (বিজিআর) এ প্রকল্প হাতে নিয়েছে।
বাংলাদেশ ভূতাত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) এর মহাপরিচালক আফিয়া আখতার আধুনিক প্রযুক্তির এ মডেল তৈরির উদ্যোগ সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"ঢাকা মহানগরী বিশ্বের পরিবেশগত ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি। এ অবস্থায় ভুমির ত্রিমাত্রিক মডেল পরিকল্পিত নগরায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্মাণভূমির বৈশিষ্ট্য বুঝে স্থাপনা নির্মাণের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি পেলে ভূমিকম্প, ভূমিধস ও অন্যান্য দুর্যোগের ক্ষতি হ্রাস পাবে।"
বিজিআইএস
bdnews24