সঞ্জয়ের নতুন রেকর্ড
১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলার সঙ্গে জড়িতদের কাছ থেকে অস্ত্র কেনার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বলিউডি অভিনেতা সঞ্জয় দত্ত। আত্মসমর্পণের আগে এখন তিনি দিনরাত তার হাতের কাজগুলো গুছিয়ে নিতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর এ ব্যস্ততার মধ্যেই তার অভিনীত পরবর্তী সিনেমা ‘পুলিশগিরি’র ডাবিং শেষ করেছেন মাত্র তিন ঘণ্টায়। খবর জি মিডিয়া ব্যুরোর।
একটি প্রভাবশালী সংবাদমাধ্যমকে সিনেমাটির পরিচালক রাহুল আগারওয়াল বলেন, “সঞ্জয়ের মতো হওয়া অন্য কারও পক্ষে রীতিমতো অসম্ভব। তিনি পুরো একটি সিনেমার ডাবিং মাত্র তিন ঘণ্টায় শেষ করেছেন। সবচেয়ে অবাক হয়েছি, কাজ শেষ হবার পরের দিনও তিনি এসে খোঁজ নিয়ে গেছেন সব ঠিক আছে কি না!”
১৮ এপ্রিল সঞ্জয়ের আত্মসমর্পণ করার কথা থাকলেও সর্বোচ্চ আদালতে আপিল করে আর কিছু সময় নেন তিনি; এই সময়টিতে হাতে থাকা সিনেমার কাজগুলো গুছিয়ে নিতে চেয়েছেন তিনি।
‘পুলিশগিরি’ ছাড়াও, ‘জাঞ্জির’ সিনেমার রিমেকে ‘শের খান’ চরিত্রে অভিনয় করছেন সঞ্জয়।
