২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জেনিফারের ‘পার্কার’

১০ মে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সুপারস্টার জেনিফার লোপেজ অভিনীত সাড়া জাগানো চলচ্চিত্র ‘পার্কার’। এ বছরের ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ছবিটি। ৩০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি মুক্তির পরপরই বক্স অফিসের শীর্ষ পাঁচে জায়গা করে নেয়।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 08:23 AM

Updated : 25 Apr 2022, 06:43 PM

এতে জেসন স্টেটহামের সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জেনিফার লোপেজ। মার্কিন লেখক ডোনাল্ট ওয়েস্টলেক অনেক উপন্যাস লিখেছেন ‘পার্কার’ চরিত্র নিয়ে। এর মধ্যে ‘ফ্ল্যাশফায়ার’-এর উপর ভিত্তি করে পার্কার সিনেমাটি নির্মাণ করেছেন টেলর হ্যাকফোর্ড।

সিনেমাটি নিয়ে সিনিয়র মিডিয়া ম্যানেজার মেজবাহউদ্দীন আহমেদ বলেন, “এতে লোপেজকে ভারী অস্ত্র হাতে গোলাগুলি করতে দেখা যায়। এর আগে এ ধরনের চরিত্রে তাকে দেখা যায়নি।”

সিনেমাটি সম্পর্কে জেনিফার বলেছেন, “আমার ভালো লাগে থ্রিলারধর্মী সিনেমায় কাজ করতে। তবে সব ধরনের চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারি। অ্যাকশন সিনেমা আমাকে টানলেও গোলাগুলি খুব একটা উপভোগ করি না। যদিও পর্দার সন্ত্রাস কখনও বাস্তবজীবনে প্রভাব ফেলতে পারে না।”

‘পার্কার’ মুক্তির আগ পর্যন্ত জেনিফার লোপেজ অভিনয় করেছেন ২৬টি ছবিতে। এর মধ্যে ‘অ্যানাকোন্ডা’ (১৯৯৭), ‘ইউ টার্ন’ (১৯৯৭), ‘আউট অব সাইট’ (১৯৯৮), ‘অ্যাঞ্জেল আইস’ (২০০১), ‘এনাফ’ (২০০২), ‘মেইড ইন ম্যানহাটান’ (২০০২), ‘গিগলি’ (২০০৩), ‘শ্যাল উই ড্যান্স’ (২০০৪), ‘মনস্টার ইন ল’ (২০০৫) সিনেমা সাড়া ফেলেছিল। তবে ‘পার্কার’ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।