মে দিবসে ‘জান্তব’
সম্প্রতি তৈরি হয়েছে মে দিবসের বিশেষ টেলিফিল্ম ‘জান্তব’। ফেরদৌস হাসান রচিত টেলিফিল্মটি পরিচালনা করেছেন সবুর খান। এতে অভিনয় করেছেন দিলারা জামান, কে. এস ফিরোজ, আল মনসুর, সাঈদ বাবু, নির্জনা, হাফিজ, স্নিগ্ধা, রওনক, স্বপ্ন প্রমুখ।
এ বিষয়ে পরিচালক সবুর বলেন, ‘এই টেলিফিল্মটি বিশেষ দিবসকে সামনে রেখে তৈরি করেছি। এখানে একজন শ্রমিকের জীবন সংগ্রামের ছবি তুলে আনার প্রয়াস রয়েছে। কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছে সাঈদ বাবু। মে দিবস-এর কাজ হিসেবে এটি সবার ভালো লাগবে বলেই প্রত্যাশা।’
তিনি জানিয়েছেন টেলিফিল্মটিতে দেখা যাবে, কারখানা বন্ধ হয়ে গেলে একদল শ্রমিক চাকরি হারায়। এরপরে তারা আর কাজের ব্যবস্থা করতে পারে না। এবারে কাজের সন্ধানে বের হয় তাদের বউয়েরা। সে সময় একজনের সুন্দরী বউয়ের দিকে নজর দেয় মহাজন। অন্য কারখানায় কাজ দেওয়ার নাম করে বউটিকে নিয়ে উধাও হয় দালাল। এধরনের একটি গল্প থেকেই তৈরি হয়েছে টেলিফিল্মটি।
এটি চ্যানেল আইতে প্রচারিত হবে ১ মে।
