২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজিত জুহি

চলতি মাসের ২৯ এপ্রিল মুক্তির ২৫ বছর পূর্ণ করল আলোচিত বলিউডি সিনেমা ‘কায়ামত সে কায়ামত তাক’। আর সে উপলক্ষেই সিনেমাটির সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনা করেছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা আমির খান। খবরটি পাওয়ার পর থেকেই ওই পুনর্মিলনীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলিউডি অভিনেত্রী জুহি চাওলা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 03:07 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত বক্স অফিস মাতানো সিনেমাটির মধ্য দিয়েই বলিউডে পরিচিতি পেয়েছিলেন জুহি এবং আমির। সিনেমাটির যদি রিমেক করা হয় তাহলে জুহি মনে করেন, রিমেক সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের জন্যও তিনি এবং আমিরই আদর্শ শিল্পী হবেন।

এ বিষয়ে জুহি বলেন, “সিনেমাটির মধ্য দিয়ে আমার ক্যারিয়ারের সূচনা। তাই এ ক্ষেত্রে আমি বেশ আবেগপ্রবণ। যদিও সিনেমাটির রিমেক নিয়ে ভাবিনি এখনও, তবে যদি হয় তাহলে আমি চাইব যেন আমি আর আমিরই আবারও অভিনয় করি।”

সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি পুনর্মিলনীর আয়োজন করছেন আমির। সেখানে সংশ্লিষ্ট সকলের জন্য পার্টির আয়োজন করা হবে এবং পরে আবারও দেখানো হবে ২৫ বছর আগের আলোচিত সিনেমাটি।

পুনর্মিলনী নিয়ে জুহি বলেন, “সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলে ২৯ এপ্রিল একত্রিত হতে যাচ্ছি। সেদিন আমরা আবারও ২৫ বছর আগের সিনেমাটি এক সঙ্গে উপভোগ করব।”

‘কায়ামত সে কায়ামত তাক’ ছাড়াও ‘লাভ লাভ লাভ’, ‘তুম মেরে হো’, ‘দৌলাত কি জাং’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ এবং ‘ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছিলেন জুহি এবং আমির।