‘সুরবালা’ নওশাবা
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘এক রাত্রি’র সুরবালার চরিত্রে অভিনয় করছেন। এবারের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নির্মিত নাটকটি পরিচালনা করছেন অসীম গোমেজ। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল ও শতাব্দী ওয়াদুদ।
এ বিষয়ে নওশাবা গ্লিটজকে বলেন, ‘ঢাকার অদূরে নবাবগঞ্জে নাটকটির শুটিং চলছে। আমি প্রতিদিন ঢাকা থেকে এসে নাটকটির শুটিং করছি। ১৮ এপ্রিল নাটকটির শুটিং শুরু হয়েছে। ২০ এপ্রিল শুটিং শেষ হচ্ছে। এখন তো এক ঘন্টার নাটকগুলো দুই দিনেই শুটিং হয়। এই নাটকটি ব্যতিক্রম। আমরা তিনদিন ধরে এর কাজ করছি। পরিচালক বিভিন্ন দৃশ্য ধরে ধরে শুটিং করছেন। অন্যদিকে শতাব্দী ও আহমেদ রুবেল দু’জনেই ভালো অভিনেতা। সব মিলিয়ে দারুণ একটি কাজ হচ্ছে এটি।’
নওশাবা আরো বলেন, ‘এর আগে আমি নুরুল আলম আতিকের নির্দেশনায় রবীন্দ্রনাথের চারটি গল্পে কাজ করেছি। এগুলো হল মধ্যবর্তিনী, নিরুপমা, শেষ রাত্রি প্রভৃতি। এটা আমার পঞ্চম কাজ।’
চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘এই গল্পে সুরবালার তিনটি সময়কে দেখানো হয়েছে। সেদিক থেকে এখানে অভিনয়ের অনেক জায়গা আছে। আমি আমার সাধ্যমত চরিত্রটিতে অভিনয় করার চেষ্টা করেছি।’
রবীন্দ্র জয়ন্তীতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
