‘এক থি ডায়ান’ নিষিদ্ধের আবেদন!
মুক্তির আগে থেকেই নানা ধরনের আইনি ঝামেলা টপকে তবে সেন্সর বোর্ডের সার্টিফিকেট অর্জন করতে হয়েছিলো ‘এক থি ডায়ান’ সিনেমাটির। তবে মুক্তি পাবার পরও সিনেমাটিতে কুসংস্কারের বিষয় তুলে ধরা হয়েছে, এমন অভিযোগ এনে সিনেমাটির উপর নিষেধাজ্ঞা জারির আবেদন করেছে ভারতীয় এনজিও, ফ্রি লিগাল এইড কমিটি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এনজিওটি কুসংস্কার মুক্ত সমাজ গঠনে কাজ করছে। এনজিওটির সদস্য প্রেম চন্দ্র আলিয়াস জানান, তিনি সম্প্রতি দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে একটি দরখাস্ত লিখেছেন যেখানে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটির প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করার অনুরোধ জানানো হয়েছে। কারণ সিনেমাটিতে ডাইনি এবং সে সম্পর্কিত কুসংস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
একতা কাপুর এবং বিশাল ভরদ্বাজ প্রযোজিত এবং কান্নান লায়ার পরিচালিত, ইমরান হাশমি অভিনীত সিনেমাটিতে, সমাজে বিভিন্ন নারীদের ডাইনি বলে তাদের ওপর যারা নির্যাতন করে থাকে তাদের বিষয়ে দেখানো হয়েছে।
