পিটের ভারতীয় ভূড়িভোজ
ভারতীয় খাবারের ভক্ত ব্র্যাড পিটের জন্য সম্প্রতি ইংল্যান্ড থেকে খাবার পাঠিয়েছেন তার বাগদত্তা অ্যাঞ্জেলিনা জোলি। খবর জানিয়েছে ব্যাং শোবিজ।
কয়েকদিন আগে জাতিসঙ্ঘের শুভেচ্ছা দূত হিসেবে ‘জি ৮’ সম্মেলনে অংশগ্রহণ করতে ইংল্যান্ডের রিচমন্ডে যান জোলি, তার এই সফরে বাচ্চারা সঙ্গে গেলেও সঙ্গী হতে পারেননি ব্র্যাড পিট। আর তাই ইংল্যান্ডের সারে শহরে অবস্থিত ব্র্যাডের প্রিয় একটি কারি হাউজ থেকে তার জন্য বিশেষ কিছু ভারতীয় খাবার আমেরিকায় পাঠানোর ব্যবস্থা করেন জোলি।
এ বিষয়ে ‘দ্যা সান’ পত্রিকাকে এক সূত্র জানিয়েছে, ‘ব্র্যাড আমেরিকায় ছিলেন এবং ভাল কিছু ভারতীয় খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তিনি তাদের সারেতে থাকা দিনগুলোর এখনও স্মৃতিচারণ করেন, যখন তারা প্রায়ই ভারতীয় রেস্তোরাঁয় খাবার খেতেন। আর তাই আঞ্জেলিনা তার জন্য বিশেষ সারপ্রাইজের ব্যবস্থা করেন এবং কিছু খাবার আমেরিকায় পাঠিয়ে দেন।’
জানা গেছে, ইংল্যান্ড থেকে জোলি তার একজন দেহরক্ষী এবং তার বড় ছেলে ম্যাডক্সকে খাবার আমেরিকায় নিয়ে যাবার দায়িত্ব দেন। খাবারের তালিকায় ছিল ভেড়ার মাংসের ভুনা, চিকেন কোর্মা এবং চিকেন টিক্কা। এছাড়াও পিটের জন্য বিশেষভাবে আনা হয় কিংফিশার এবং কোবরা বিয়ার।
