২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাঙ্কুভার মাতালেন ঐশ্বরিয়া-শাহরুখ!

সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ২০১৩ এর টাইমস অফ ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডের আসরে দীর্ঘ বিরতির পর মঞ্চে পরিবেশনা করলেন সাবেক বিশ্ব সুন্দরী এবং বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার সঙ্গে আরও ছিলেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। অন্যদিকে আসরটির শীর্ষ পুরস্কারের অধিকাংশই বাগিয়ে নিয়েছে ‘বারফি!। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 02:12 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

২০১১ সালে আরাধিয়ার জন্মের পর এটিই ছিলো ঐশ্বরিয়ার প্রথম মঞ্চ পরিবেশনা। তবে কাউকে হতাশ করেননি তিনি। কালো রঙের পোশাকে ‘খাজা মেরে খাজা’ এবং ‘ধুম ২’ এর টাইটেল গানটির সঙ্গে নাচেন অ্যাশ।

ওদিকে, লাল রঙের জ্যাকেটে শাহরুখ মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্যের পর তার পরিবেশনা পেশ করেন। ৪৭ বছর বয়সি ওই অভিনেতা বলেন, ‘আপনাদের সকলের প্রতি রইলো আমার ভালোবাসা। আপনাদের ভালোবাসা আর সম্মানের জন্য ধন্যবাদ।’

‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার শুটিং চলাকালে বাম কাঁধে আঘাত পেয়েছিলেন শাহরুখ। তবে মঞ্চে তার নাচ দেখে তা বুঝতে পারেননি কেউই ।

প্রিয়াঙ্কা মঞ্চে তার উপস্থানাটি নারী শক্তির উদ্দেশ্যে উৎসর্গ করে। অন্যদিকে ক্যাটরিনার ‘চিকনি চামেলী’ গানটি মাতিয়ে তোলেন দর্শকদের। এরপর অভিষেক বচ্চন ভাংরা নেচে অবাক করেন সকলকে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রণবীর কাপুর, আনুশকা শর্মা এবং বোমান ইরানী।

এদিকে টিওআইএফএ এর আসরে ছিলো ‘বারফি!’ সিনেমার জয়জয়কার। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী প্রতিটি পুরস্কারই দখল করে নেয় ‘বারফি!’।

দক্ষিণী অভিনেত্রী ইলিনা ডি’ক্রুজ ‘বারফি!’ সিনেমার মধ্য দিয়েই বলিউডে যাত্রা শুরু করেন। নবাগতা অভিনেত্রী হিসেবে সেরা পুরস্কারটি গ্রহণ করেন তিনি। ‘ভিকি ডোনার’ সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান আয়ুষ্মান খুরানা। রিমেক সিনেমা ‘অগ্নিপথ’-এ অভিনয় করে সেরা খল চরিত্রের পুরস্কার পান বলিউডি সিনিয়র অভিনেতা ঋষি কাপুর।

সমালোচকদের বিচারে ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমার জন্য সেরা নবাগত পরিচালক নির্বাচিত হন গৌরী সিন্দে। সমালোচকদের বিচারে ‘ককটেল’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন দীপিকা পাড়–কোন। ‘পান সিং তোমার’ সিনেমায় অভিনয় করে সমালোচকদের নির্বাচিত সেরা অভিনেতা হন ইরফান খান।

অন্য দিকে ‘ভিকি ডোনার’ সিনেমায় অভিনয় করে পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রীর পুরস্কার পান ডলি আহুয়ালিয়া এবং অভিনেতার পুরস্কার পান আনু কাপুর। ‘বোল বচ্চন’ সিনেমার সুবাদে সেরা কমেডি অভিনেতা নির্বাচিত হন অভিষেক বচ্চন।

‘ইশাকজাদে’ সিনেমার ‘পারেসান’ গানটি গেয়ে সেরা গায়িকার পুরস্কার পান শাল্মলি খোলগাড়ে। ‘অগ্নিপথ’ সিনেমার ‘আভি মুঝ ম্যায়’ গানটির জন্য সেরা গায়ক নির্বাচিত হন সনু নিগম। ‘যাব তাক হ্যায় জান’ সিনেমার ‘সাস’ গানটির কথার জন্য পুরস্কার পান গুলজার। সব শেষে ‘অগ্নিপথ’ সিনেমার জন্য সেরা সঙ্গীত পরিচালক নির্বাচিত হন অতুল-অজয়।