হলিউডে সমাদৃত অমিতাভ
বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চন সম্প্রতি তার ব্লগে লিখেছেন হলিউডে ‘দ্যা গ্রেট গ্যাটসবি’ সিনেমায় কাজ করার সময় যথেষ্ট সমাদৃত এবং সম্মানিত হয়েছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ লেখেন,‘যখন আমি পেছন ফিরে সেই মুহূর্তগুলো মনে করি, আমি দেখি কতখানি ভালবাসা আর সম্মান পেয়েছি আমি। তাদের নিষ্ঠা এবং পরিশ্রম করার ক্ষমতা সত্যিই অসাধারণ।’
সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অমিতাভ লেখেন,‘ এই বিশ্বখ্যাত তারকাদের মেলামেশা, কাজ করা এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি পর্দায় তাদের অভিনয়কে আরও সুন্দর করে ফুটিয়ে তোলে।’
‘দ্যা গ্রেট গ্যাটসবি’ সিনেমায় অমিতাভ অভিনয় করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, ক্যারি মুলিগান এবং টবি ম্যাকগ্যায়ারের সঙ্গে।
সিনেমাটিতে অমিতাভ রয়েছেন একটি ক্ষুদ্র চরিত্রে যেখানে দেখা যায় লিওনার্দোকে প্রথম বিশ্বযুদ্ধের পর নিউ ইয়র্ক শহরে অর্থ উপার্জনে সাহায্য করেন তিনি।
সিনেমাটি মে মাসে প্রথম মুক্তি পাবে কান চলচ্চিত্র উৎসবে।
