২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেপ্লেক্সে ‘ফাইন্ডিং নেমো’র  থ্রি ডি ভার্সন

৫এপ্রিল ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘ফাইন্ডিং নেমো’র  থ্রি ডি ভার্সন। অ্যান্ড্রু স্ট্যানটন পরিচালিত এই অ্যানিমেশন ছবির থ্রি ডি ভার্সন মুক্তি পায় ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 01:30 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দীন আহমেদ বলেন, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের পিকচার অ্যানিমেশন স্টুডিওর প্রযোজনা এবং ওয়াল্ট ডিজনি পিকচারের পরিবেশনায় মুক্তি পায় অ্যানিমেশন মুভি ‘ফাইন্ডিং নেমো’। মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে ব্যাপক সাড়া জাগায় সিনেমাটি। সেই সাথে আলোড়ন তোলে সারা বিশ্বে। ৯২১ মিলিয়ন মার্কিন ডলার আয় করার পাশাপাশি সেরা অ্যানিমেশন ছবি হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডও পায় সিনেমাটি। আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ‘ফাইন্ডিং নেমো’কে এ যাবৎকালের সেরা অ্যানিমেশন ছবির অন্যতম হিসেবে ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় ২০১২ সালে ৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে রূপান্তরিত থ্রি ডি ভার্সন মুক্তির প্রথম সপ্তাহে উত্তর আমেরিকাতে ১৬.৭ মিলিয়ন ডলার আয় করে।

মা-হারা এক ছোট্ট শিশু ক্লাউনফিশের কাহিনী নিয়ে গড়ে ওঠা এ সিনেমাতে দেখা যায়- জন্মের আগেই মাকে হারায় নেমো। পরবর্তীকালে নেমোর বাবা তাকে সাগরের নানা বিপদ সংকুল পরিস্থিতি থেকে আগলে রাখতে চাইলেও অ্যাকুরিয়ামের জন্য মনোহর মাছ ধরতে আসা শিকারিদের হাতে ধরা পড়ে নেমো। এরপর নেমোর বাবা তাকে উদ্ধার করার সংগ্রামে নামে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত বাবা-ছেলের পুনর্মিলন হয়।