‘রেস ২’ এবং ‘দাবাং ২’-এর টিভি রিলিজ স্থগিত
বক্স অফিসে আলোড়ন সৃষ্টিকারী দুই বলিউডি সিনেমা ‘রেস ২’ এবং ‘দাবাং ২’-এর টেলিভিশন সম্প্রচার স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
বিভাগীয় প্রধান বিচারক ডি মুরুগেশান এবং বিচারক ভি কে জেইন এ সিনেমা দু’টির ডিভিডি প্রচার এবং টেলিভিশন সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তারা জানিয়েছেন, বলিউডি অভিনেতা সাইফ আলি খান এবং সালমান খান অভিনীত সিনেমা দু’টি না দেখে এগুলো প্রচারের অনুমতি তারা দেবেন না।
এ বিষয়ে পিটিশন উপস্থাপনকারী অভিযোগ করেছেন ‘রেস ২’ সিনেমায় দু’টি অশালীন দৃশ্য রয়েছে। তিনি বলেন, ‘আমরা চলচ্চিত্র বিশেষজ্ঞ নই। তাই একটি সিনেমা না দেখে শুধুমাত্র স্থির চিত্রের উপর নির্ভর করে এটির টেলিভিশন সম্প্রচারের অনুমতি আমরা দিতে পারি না।’
হোলির মৌসুমে সিনেমা দু’টি টিভি পর্দার দর্শকদের জন্য সম্প্রচারের কথা থাকলেও আদালতের নির্দেশে তা স্থগিত করা হয়েছে। আদালত, প্রচার ও সম্প্রচার মন্ত্রনালয়, সেন্ট্রাল ফিল্ম সার্টিফিকেশন বোর্ডকে একটি লিখিত নোটিশ পাঠান। ১৪ মে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে।
শুনানির সময় বিচারক বলেন, সেন্সর বোর্ড ইদানিং সিনেমাগুলোকে সেন্সর সার্টিফিকেট দেবার ক্ষেত্রে খুব বেশি উদারতা দেখাচ্ছে। তারা বলেন,‘কোনো সিনেমার বিস্তারিত বিবেচনা না করেই অনুমোদন দিয়ে দিচ্ছে বোর্ডটি। তারা নিজেদের কাজ সঠিকভাবে পালন করছে না।’
পিটিশনটিতে ‘রেস ২’ সিনেমায় অশালীন দৃশ্য, অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ‘দাবাং ২’ সিনেমার আইটেম সং ‘ফেভিকল সে’-এ নারীদের প্রতি অসম্মানজনক শব্দ ব্যবহার করা হয়েছে।
